আসুন, করুন পান এই শরীরে বন্দি
যূথীগন্ধ সন্ধ্যায়
মলিন রোদব্রিজের আড়ালে
আলোভাঙা ডানার ঝটপট
কান পেতে শুনুন-
এক জোকার সাদা বোর্ডে কালিহীন
মার্কার ঘষে ঘষে এঁকে চলেছে
বিতাড়িতদের শ্রাদ্ধবাসর
দেখুন, ঘুমের ভিতর জাল ফেলে
অন্ধ ধীবর কীভাবে আঙুলে আঙুল
পেঁচিয়ে তুলে নিচ্ছে ছটফট মৃত্যু!
কপালের রেখাগুলো শিথিল করুন
আর দম নিন লম্বা একটা
ফাটিয়ে হাসুন
একসাথে এত জোকারসমেত দৃশ্য
শেষ কবে দেখেছেন বলুন?






