এনামুল হক বিজয়কে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক করেছে বিপিএলের অন্যতম দল দুর্বার রাজশাহী। আজ সোমবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় দুর্বার রাজশাহী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়—ব্যাটিংয়ে আরো বেশি মনোযোগ দেয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। ৮ ম্যাচে ৩২৪ রান করে আজ দুপুর পর্যন্ত ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। যদিও ঢাকার তানজিদ হাসান আজ দুপুরের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ২২ রান করে টপকে যান এনামুলকে।

সর্বশেষ রোববার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি একরেও রাজশাহীকে জেতাতে পারেননি এনামুল। তিনি ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। রাজশাহী হেরেছে ৭ রানে। ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হবেন। তারা মনে করেন, এটা এনামুলকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।

দুর্দান্ত ফর্মে আছেন নতুন অধিনায়ক তাসকিন আহমেদও। ৮ ম্যাচে সর্বোচ্চ ১৮ উইকেট শিকারী করেছেন তিনি। দুর্বার রাজশাহীর আশা, টুর্নামেন্টে তাদের লক্ষ্য অর্জনের পথে মাঠে ও মাঠের বাইরে তিনি দলকে এগিয়ে নিতে পারবেন।