সিরিজের প্রথম টি-টোয়েন্টি
ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা। মিরপুর শেরেবাংলা
স্টেডিয়ামে আজ আগে ব্যাট করে ৪ উইকেটে ১২৬ রান তোলে নিগার সুলতানার দল। জবাবে অজি দলনায়ক
অ্যালিসা হিলি ও বেথ মুনির অবিচ্ছিন্ন জুটিতে ১৩ ওভারেই জয় তুলে নেয় সফরকারীরা। হিলি
৪২ বলে ৬৫ ও মুনি ৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন।
ওয়ানডে সিরিজে হতশ্রী
ব্যাটিং প্রদর্শনীতে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হওয়া স্বাগতিকরা টি-টোয়েন্টি সিরিজের
প্রথম ম্যাচে আজ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট
হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। যদিও এই রান দিয়ে আটকানো যায়নি অজিদের। কর্তৃত্ব করেই জিতল
তারা।
টস জিতে ব্যাট করতে নামা
বাংলাদেশ মাত্র ২ রানের মাথায় দিলারা আক্তার ও সোবহানা মোস্তারিকে হারায়। এরপর হাল
ধরেন নিগার সুলতানা ও মুর্শিদা খাতুন। তৃতীয় উইকেট জুটিতে ৫৭ বলে ৫৭ রান তুলে বিপর্যয়
কাটিয়ে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যান দুজন। মুর্শিদা ২৭ বলে ২০ রান করে ফিরে যান
সাজঘরে। এরপর ফাহিমা খাতুনকে নিয়ে ৫২ বলে ৬০ রানের আরেকটি দুর্দান্ত জুটি গড়েন নিগার।
বাংলাদেশ অধিনায়ক ৬৪ বলে ৭ বাউন্ডারিতে ৬৩ ও ফাহিমা ২১ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায়
২৭ রান করেন।
এই রান তাড়া করতে নেমে
বাংলাদেশের বোলারদের রীতিমতো উড়িয়ে দেন হিলি ও মুনি।
তিন ম্যাচের সিরিজে ১-০তে
এগিয়ে গেল অস্ট্রেলিয়া। মঙ্গলবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ও বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ।










