ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে ৩-০ গোলে হারানোর কৃতিত্ব দেখায় ম্যানচেস্টার সিটি। এটি ছিল পেশাদার কোচ হিসেবে পেপ গার্দিওলার হাজারতম ম্যাচ। ইতিহাদে মাইলফলকের ম্যাচে গার্দিওলাকে দারুণ এক জয় উপহার দেন তার শিষ্যরা।
বার্সেলোনা ‘বি’ দিয়ে শুরু করা গার্দিওলা পরে স্পেনের বার্সেলোনা, জার্মানির বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের ম্যানসিটির মতো বড় দলের হেড কোচের পদ সামলেছেন। এ সময় তিনি এক হাজার ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন। এর মধ্যে জয় পেয়েছেন ৭১৬টি। তিনি লিগ শিরোপা জিতেছেন মোট ১২টি। বার্সেলোনা ও ম্যানসিটির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন তিনবার।
গতকাল ম্যাচের ২৯ মিনিটে আর্লিং হালান্ড, প্রথমার্ধের যোগ করা সময়ে নিকো গঞ্জালেস ও ৬৩ মিনিটে জেরেমি ডকু গোল করেন সিটির হয়ে। লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। আর হালান্ডের পেনাল্টি শট ঠেকিয়ে দেন লিভারপুল গোলকিপার মামারদাশভিল।
লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগে চার ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে জিতল ম্যানসিটি। এর আগে সর্বশেষ অল রেডদের হারিয়েছিল তারা ২০২৩ সালের এপ্রিলে।
এ জয়ের পর শীর্ষ দল আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে ম্যানসিটি। ১১ রাউন্ডে গানারদের ২৬ ও ম্যানসিটির ২২ পয়েন্ট। আর এ হারে টেবিলের আটে নেমে গেছে লিভারপুল।
এদিকে স্প্যানিশ লা লিগায় রোববার রাতে রায়ো ভায়েকানোর মাঠে গোলশূন্য ড্র করেছে শীর্ষ দল রিয়াল মাদ্রিদ। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ, গতকাল রাতে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামার আগে বার্সার ছিল ১১ ম্যাচে ২৫ পয়েন্ট।










