ঢাকায় ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজে অচেনা বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল সিলেটে দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৪৭ রানে হেরেছে নিগার সুলতানার দল।

টস জিতে ব্যাটিং নেয়া আয়ারল্যান্ড ১৩৫ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশকে। রান তাড়া করতে নেমে ১৭.১ ওভারে ৮৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এক ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ জিতে নিল আইরিশ নারীরা। সোমবার তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিল কেবলই আনুষ্ঠানিকতায়।

বাংলাদেশের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে এটা আইরিশ নারীদের পঞ্চম জয়। বাংলাদেশ জিতেছে ৮টি। এছাড়া তিনটি সিরিজে মুখোমুখি হয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে হারাল তারা। ২০১৬ সালে আয়ারল্যান্ড সফরে গিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-তে হেরে যায় বাংলাদেশ। ২০১৮ সালে আয়ারল্যান্ডের মাঠে তিন ম্যাচের সিরিজ ২-১-এ জিতেছে বাংলাদেশের নারীরা। এবার ঘরের মাঠে দুই দেশের তৃতীয় টি-টোয়েন্টি সিরিজে হার মানলেন নিগার ও তার সতীর্থরা।

১৩৫ রানের মাঝারি টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে সোবহানা মোস্তারির উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ১৭ রানে দিলারা আক্তারের বিদায়ের পরপর অধিনায়ক নিগার সুলতানা ৬ রান করে আরলিন কেলির বলে বোল্ড হয়ে যান (১৯/৩)। পরের ওভারে বিদায় ঘটে তাজ নেহারের।

চার উইকেট পতনের পর পঞ্চম উইকেট জুটিতে শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার ৪৮ রানের জুটি গড়ে দলের আশা বাঁচিয়ে রাখলেও কাজটা সম্পন্ন করতে পারেননি। দারুণ খেলতে থাকা স্বর্ণা বিলাসী শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন। ২১ বলে ২০ রান করেন তিনি। এরপর বাকিদের আসা-যাওয়ার মাঝে সুপ্তার ৪৩ বলে খেলা ৩৮ রান হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে।

ওরলা প্রেন্ডারগাস্ট ১৩ রানে তিনটি, আরলিন কেলি ১০ রানে ২টি ও লরা ডিলানি ১৬ রানে ২টি উইকেট নেন।

এর আগে আইরিশ নারীরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৪ রান তুলতে সমর্থ হয়। ডিলানি ৩৫, প্রেন্ডারগাস্ট ৩২ ও এমি হান্টার ২৩ রান করেন। বাংলাদেশের নাহিদা আক্তার ২০ রানে ২টি উইকেট নেন।