পোর্ট এলিজাবেথের জেন্ট জর্জেস পার্কে আজ অবিশ্বাস্য ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহটা চারশ পার করেছেন কেশব মহারাজ। ঝড়ো ব্যাটিং করা মহারাজ ছুটছিলেন প্রথম সেঞ্চুরির দিকেও। যদিও তাকে থামিয়ে বাংলাদেশ দলে স্বস্তি ফিরিয়েছেন তাইজুল ইসলাম। আউট হওয়ার আগে অবশ্য ৯৫ বলে ৮৪ রান করে বাংলাদেশের বড় ক্ষতিটা করেন এই স্পিনার। আর তাকে শিকার করে ৫ উইকেট পূর্ণ হলো তাইজুলের।

 

এ প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৮ উইকেটে ৪২৩ রান। সাইমন হারমার ৯ ও লিজাড উইলিয়ামস ৩ রানে ব্যাট করছিলেন।

৫ উইকেটে ২৭৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ৩০০ রানে হারায় কাইল ভেরেইনকে। খালেদ আহমেদ প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও বাংলাদেশকে ব্রুেক থ্রুটা এনে দেন। ভেরেইনের মিডল স্ট্যাম্প গুঁড়িয়ে দেন তিনি। যদিও তাতে দমে যায়নি প্রোটিয়ারা। বরং কেশব মহারাজ এসে লণ্ডভণ্ড করেন টাইগার বোলিং আক্রমণকে। উইয়ান মুলডারকে নিয়ে ১০০ বলে ৮০ রানের পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে হতাশ করেন।  আট নম্বরে নামা মহারাজই ছিলেন বেশি আক্রমণাত্বক। তিনি ঠিক ৫০ বলে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি।

 

৭৭ বলে ৩৩ রান করে তাইজুলের শিকার হয়ে ফেরেন মুলডার। এরপর সাইমন হারমারের সঙ্গে নতুন করে জুটি বেধেছেন মহারাজ। অষ্টম উইকেটে যোগ করেন আরো ৩৮ রান। এরপর থামেন মহারাজ।

 

ডারবানে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজ ড্র করতে চাইলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। বলাবাহুল্য, টেস্টে দক্ষিণ আফ্রিকাকে কখনই হারাতে পারেনি বাংলাদেশ।