হাজার কোটি ভক্তের স্বপ্ন সত্যি করে শেষ পর্যন্ত জিতেই ফেললেন বিশ্বকাপ। মেসির ক্যারিয়ারের সবচেয়ে সেরা অর্জন সম্ভবত এটাই। হাতে পাওয়ার আগমুহূর্তে বিশ্বকাপের ট্রফিতে যে আর্দ্র চুম্বন করেছেন মেসি, তাই বলে দেয়, এই কাপ তার কত সাধনার ধন। আর এখন কাপ হাতে পেয়ে যেন কাছছাড়া করতে পারছেন না তিনি।


যেন ছোট্ট শিশুটি ঈদে উপহার পেয়েছে পছন্দের জামা। ঘুমাতে গেলেও ওই জামা কাছে থাকা চাই। মেসিরও হয়েছে তাই। এখন ঘুমানোর সময়টুকুও কাপ হাতছাড়া করতে চান না তিনি।

এরই মধ্যে ইন্টারনেটজুড়ে ভেসে বেড়াচ্ছে এমনই তিনটি ছবি। যেখানে মেসিকে দেখা যাচ্ছে কাপ নিয়ে বিছানায় শুয়ে আছেন তিনি। মেসির ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ছবিগুলোতে দেখা যায়, বিশ্বকাপের শিরোপা পাশে নিয়ে শুয়ে আছেন তিনি।


প্রথম ছবিটিতে দেখা যায়, আকাশি-সাদা জার্সি গায়ে বিশ্বকাপের ট্রফি জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন তিনি; মানে রীতিমতো চোখ বন্ধ। পরের ছবিটিতে কাপ জড়িয়ে ধরে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন লিও। আর তৃতীয় ছবিতে কাপ জড়িয়েই কিছু একটা পান করছেন। যেন ঘুমিয়েছেন শিরোপা জড়িয়ে, উঠেছেনও সেভাবেই। ঘুমে, জাগরণে, খাওয়ায়-পরায়, সবসময়ের সঙ্গী বিশ্বকাপের ট্রফি। ছবিগুলোর পাশে ছোট্ট করে লিখেছেন, ‘‌সুন্দর দিন’ সঙ্গে একটি আনন্দের ইমোজি।

এবারে বিশ্বকাপের আগেই মেসি ঘোষণা করেছিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ। আর তাই ট্রফিটাও আর মেসিকে হারানোর ঝুঁকি নিল না। ধরা দিল সবসময়ের সেরা দাবিদারের হাতে।