অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয়া পাকিস্তান আজ পার্থে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আরো দুর্বার। অস্ট্রেলিয়াকে ১৪০ রানে অলআউট করে সিরিজ জয়ের আশা জাগিয়েছে সফরকারীরা। এ প্রতিবেদন লেখার সময় পাকিস্তান ৯ ওভারে বিনা উইকেটে তুলেছে ৩৮ রান।
পার্থের চিরাচরিত পেসবান্ধব উইকেটে আগুন ঝরালেন পাকিস্তানি পেসাররা। আগের ম্যাচে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করেন হারিস রউফ। আজও দুর্দান্ত বোলিং করে ৭ ওভারে ২৪ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ উভয়েই নেন ৩টি করে উইকেট। চতুর্থ পেসার মোহাম্মদ হাসনাইন পান ১টি। ৩১.৫ ওভারে অলআউট হয়ে যায় অজিরা। স্বাগতিক দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন শন অ্যাবট।
অস্ট্রেলিয়ায় মাত্র একবার ওয়ানডে সিরিজ জিততে পেরেছে পাকিস্তান। ২০০২ সালের সফরে ২-১-এ সিরিজ জিতেছিল এশিয়ান দেশটি। তারপর ২০১০ সালে ৫-০তে ও ২০১৭ সালে ৪-১-এ সিরিজ হেরেছে পাকিস্তান। দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার মাঠে ওয়ানডে সিরিজ জয়ের কাছাকাছি দলটি।










