পার্থ টেস্টে নাটকীয়তায় ভরা প্রথম দিন ভারতকে ১৫০ রানে অলআউট করার সুবিধা আদায় করে নিতে পারেনি অস্ট্রেলিয়া। ৭ উইকেটে ৬৭ রান নিয়ে শুক্রবার প্রথম দিন মাঠ ছাড়া স্বাগতিক দলটি গতকাল দ্বিতীয় দিন ১০৪ রান করে অলআউট হয়ে যায়। এর পরই পার্থ স্টেডিয়ামের ‘ভয়ংকর’ সেই উইকেটই দ্বিতীয় দিন আমূল বদলে গেল! গতকাল ৫৭ ওভার ব্যাটিং করে ১৭২ রান তুলে অবিচ্ছিন্ন রয়েছেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল। প্রথম ইনিংসে যেখানে ১৫০/১০, দ্বিতীয় ইনিংসে সেখানে ১৭২/০!
জয়সোয়াল ও লোকেশের দৃঢ়তায় ভারতের লিড ২০০ ছাড়িয়েছে। দ্বিতীয় দিনশেষে সফরকারীদের লিড ২১৮ রানের। জয়সোয়াল ১৯৩ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৯০ এবং লোকেশ ১৫৩ বলে ৪ বাউন্ডারিতে ৬২ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়ে।
এর আগে গতকাল সকালে অ্যালেক্স ক্যারিকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন অধিনায়ক জশপ্রীত বুমরাহ। দলের সংগ্রহ তখন ৭০/৮। নাথান লায়নকে ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরান অভিষিক্ত হরষিত রানা। এরপর জস হ্যাজেলউড আর মিচেল স্টার্ক দলের সংগ্রহ ১০০ পার করান। অবশেষে সেই রানার আঘাতে শেষ হয় স্টার্কের লড়াই। তিনি ১১২ বলে ২৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। স্টার্কই দলের সর্বোচ্চ স্কোরার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন ক্যারি। ভারতের বুমরাহ ৩০ রানে ৫টি, রানা ৪৮ রানে ৩টি ও মোহাম্মদ সিরাজ ২০ রানে ২টি উইকেট নেন।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এ টেস্টে খেলছেন না ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তার পরিবর্তে পার্থ টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। এছাড়া ওপেনিং ব্যাটার শুভমন গিলও নেই এ সিরিজে। দুই ব্যাটিং তারকাকে ছাড়া প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ধুঁকলেও দ্বিতীয় ইনিংসে দাপট দেখাচ্ছেন সফরকারী দলের দুই ওপেনার।
বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত আধিপত্য করে এসেছে। তারা সর্বশেষ চারটি সিরিজ জিতেছে। সদ্য নিউজিল্যান্ডের কাছে হোম সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় চাপে থেকে শুরু করলেও পার্থে অজিদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১৫০ ও ১৭২/০ (যশস্বী জয়সোয়াল ৯০*, লোকেশ রাহুল ৬২*)। অস্ট্রেলিয়া: ১০৪ (স্টার্ক ২৬, ক্যারি ২১; বুমরাহ ৫/৩০, রানা ৩/৪৮, সিরাজ ২/২০)। —দ্বিতীয় দিন শেষে।










