চলতি অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। আজ দ্বিতীয় রাউন্ডের খেলায় যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে ৪-৬, ৪-৬, ৫-৭ গেমে হেরেছেন রেকর্ড ২২ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন।

 

৩৬ বছর বয়সী নাদাল নিতম্বের চোটের সঙ্গে লড়াই করছিলেন। ফলে দ্বিতীয় সেট থেকেই তিনি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি। দ্বিতীয় সেটের শেষে মেডিকেল টাইআউট নেন এবং ম্যাচ খেলা চালিয়ে যান। যদিও শেষ পর্যন্ত হার এড়াতে পারেননি স্প্যানিশ গ্রেট। ২০১৬ সালের পর অস্ট্রেলিয়ান ওপেনে এত আগেভাগে বিদায় নেননি নাদাল।

 

২০২২ সালটি অবিশ্বাস্য কাটানোর পর ২০২৩ সালের শুরুটা হলো বিভীষিকাময়। গত বছর মেলবোর্ন ফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভের বিপক্ষে দুই সেটে পিছিয়ে পড়েও শেষ জয় নিয়ে কোর্ট ছাড়েন নাদাল। এরপর জিতেছেন রেকর্ড ১৪তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা।

 

চলতি মৌসুমে অবশ্য শুরু থেকেই শারীরিকভাবে ধুকঁছিলেন নাদাল। দুটি সিঙ্গেল ম্যাচ হেরে এসেছেন অস্ট্রেলিয়ান ওপেন খেলতে এবং গতবারের মতো স্বস্তি অনুভব করছিলেন না। অবশেষে দ্বিতীয় রাউন্ড থেকেই তার বিদায় ঘটল।

 

নারী এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই পোল্যান্ডের ইগা সিয়ানতেক ও যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। সিয়ানতেক ৬-২, ৬-৩ গেমে হারান কলম্বিয়ার ক্যামিলা ওসারিওকে, আর পেগুলা ৬-২, ৭-৬ (৭/৫) গেমে হারান বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচকে।

 

যদিও দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন ২০১৯ আসরের ফাইনালিস্ট ও  দুইবারের সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। তাকে ৭-৫, ৬-৪ গেমে হারান ইউক্রেনের আনহেলিনা কালিনিনা। এ বছর র্যাংকিংয়ের শীর্ষ বিশের প্রথম খেলোয়াড় হিসেবে হারলেন কেভিতোভা।