সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজেভাবে হেরে গেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ক্যারিবীয়রা জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। অথচ বিশ্বকাপের টিকিট পেতে এই ম্যাচে জেতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুঃসংবাদ এসেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও। মালয়েশিয়ার মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে জিততে জিততে হেরে গেছে বাংলাদেশের কিশোরীরা। ২ উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
সেন্ট কিটসে টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ নারী দল ৯ উইকেটে ১৯৮ রানের মাঝারি সংগ্রহ গড়ে। শারমিন আক্তার ৪২, মুরশিদা খাতুন ৪০, সোবহানা মোস্তারি ৩৫ ও স্বর্ণা আক্তার ২৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের ডেন্ড্রা ডট্টিন ৪০ রানে ৩টি, আলিয়াহ অ্যালেইন ২২ রানে ২টি ও অধিনায়ক হেইলি ম্যাথিউস ৪১ রানে ২টি উইকেট নেন।
এই রান তাড়া করতে নেমে হেইলি ম্যাথিউসের হার না মানা সেঞ্চুরিতে ভর করে ৩১.৪ ওভারেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাথিউস ৯৩ বলে ১৬ বাউন্ডারিতে ১০৪ রান করেন। ৭৯ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭০ রান করেন কিয়ানা জোসেফ। ওয়েস্ট ইন্ডিজের পতন হওয়া একমাত্র উইকেটটি নেন রাবেয়া খান। অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাথিউস।
বুধবার দিবাগত রাত ১২টায় একই মাঠে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই সিরিজের দুটি ম্যাচ জিতলেই পরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাবে নিগার সুলতানার দল। একটি জিতলেও সম্ভব। তিনটিতেই হেরে গেলে নিগারদের খেলতে হবে বাছাইপর্ব। এ বছর আগস্ট-সেপ্টেম্বরে ভারতের মাঠে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আসর।
এদিকে, আজ সোমবার সকালে মালয়েশিয়ার বাঙ্গি ওয়াইএসডি-ইউকেএম ক্রিকেট ওভালে ২০ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ৯১ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফিয়া আশিমা সর্বোচ্চ ২৯ ও সুমাইয়া আক্তার ১৩ রান করেন।
ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের প্রতিরোধের মুখে পড়েন অস্ট্রেলিয়ার মেয়েরা। বিশেষ করে স্পিনার জান্নাতুল মাওয়া অবিশ্বাস্য বোলিংয়ে চাপে রাখেন অস্ট্রেলিয়াকে। ১৫ রানে ৩ উইকেট নেন তিনি। ৬৭ রানে অজিদের ৬ উইকেট তুলে নিয়ে জয়ের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। যদিও টার্গেট বড় না হওয়ায় ৮৬ রানে অষ্টম উইকেটের পতনের পরও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক লুসি হ্যামিল্টন সর্বোচ্চ ৩০ রান করেন।
বুধবার ‘ডি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চারটি গ্রুপে ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে সুপার সিক্স পর্বে।










