বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো জয় নেই। এ পর্যন্ত ১২টি টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। সেখানে বাংলাদেশ দলের অনুপ্রেরণা ২০১৫ সালে ঢাকা-চট্টগ্রামে দুটি টেস্ট ড্র। আর বাকিটা হারের ইতিহাস।

এমন বিবর্ণ পরিসংখ্যান নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে আবারো দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আগামীকাল ডারবানে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় দুপুর ২টায় প্রথম দিনের খেলা শুরু হবে।

এবার অবশ্য টাইগারদের অনুপ্রেরণা দিচ্ছে সম্প্রতি প্রথমবারের মতো প্রোটিয়াদের মাঠে ওয়ানডে সিরিজ জয়। সম্মিলিত আগ্রাসনে প্রোটিয়াদের সাফল্যের ধারা ভেঙে চুরমার হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। সেই জয়ে টেস্ট দলের মধ্যেও আত্মবিশ্বাস বেড়েছে। তারাও দক্ষিণ আফ্রিকায় জিততে চায় অধরা টেস্ট।

যদিও সিরিজের প্রথম টেস্টে দলের অন্যতম কাণ্ডারি সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। নিঃসন্দেহে সেরা ক্রিকেটারকে না পাওয়া অধিনায়কের জন্য বাড়তি চাপ। স্বস্তির বিষয় হলো এ ম্যাচ দিয়ে অনেকদিন পর টেস্টে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল।

ডারবানের কিংসমিড স্টেডিয়ামে এই প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এ মাঠে সর্বশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেস্ট হয়েছিল। শ্রীলংকার কাছে সেই ম্যাচটি ১ উইকেটে হেরেছিল স্বাগতিকরা। এখানে অতীতে স্টেইন, রাবাদা, মরকেল, ব্রড ও স্টার্করা রীতিমতো আগুন ধরিয়েছেন এ পিচে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে কেশভ মহারাজ, লাসিথ এম্বুলদেনিয়া ও মঈন আলি স্পিন ঘূর্ণিতে নাজেহাল করেছেন ব্যাটারদের। ইনিংসে ৪-৫টি উইকেট নিয়েছেন স্পিনররাও। পেস-স্পিনার উভয়ের দাপট দেখা গেছে এই উইকেটে।

এই উইকেটে এবার নিজেদের মেলে ধরার পালা বাংলাদেশের তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলামের। তারা প্রত্যেকেই আছেন ভালো ফর্মে। ঘূর্ণিতে পোটিয়াদের পরীক্ষায় ফেলতে তৈরি তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। প্রোটিয়াদের বোলিং আক্রমণ অপেক্ষাকৃত কিছুটা অনভিজ্ঞ। দলের প্রথম সারির বোলাররা আইপিএলের কারণে ছুটিতে আছেন। তাই লুথো সিপামলা, ডুয়ান অলিভিয়ার এবং ঘরোয়া ক্রিকেটে দারুণ করা ড্যারিন ডুপাভিলনদের ওপর ভরসা রাখতে হচ্ছে কোচ মার্ক বাউচারকে। স্পিনে অভিজ্ঞ মহারাজ বাংলাদেশের ব্যাটারদের ভাবনার নাম।

দক্ষিণ আফ্রিকার মাটিতে এ নিয়ে সপ্তম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। আগের ছয় টেস্টের সবকটিতেই হেরেছে অতিথিরা। তবে এ বছর মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারানো বাংলাদেশ নামছে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে। এই আত্মবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে সাম্প্রতিক ওয়ানডে সিরিজ জয়। অপরদিকে প্রোটিয়ারা ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে পরাজিত করে।

তামিম ইকবাল একাদশে ফিরলে ওপেনিংয়ে বর্তমান পারফরম্যান্স বিবেচনায় মাহমুদুল হাসান জয় হতে পারেন তার সঙ্গী। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো খেলেছেন তিনি। তাছাড়া ডানহাতি-বামহাতি কম্বিনেশনের জন্যেও জয় এগিয়ে থাকবেন।