স্বাগতিক জার্মানি বড় জয় দিয়ে সূচনা করেছে, স্পেন গুঁড়িয়ে দিয়েছে ক্রোয়েশিয়াকে, নেদারল্যান্ডস হারিয়েছে পোল্যান্ড, আর ইংল্যান্ড হায়েছে সার্বিয়াকে। আরেক বড় দল ফ্রান্সের ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত ১টায় তারা অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে।

 

আজ সন্ধ্যা ৭টায় রোমানিয়া খেলবে ইউক্রেনের বিপক্ষে, আর বেলজিয়ামের প্রতিপক্ষ স্লোভাকিয়া।

 

‘ডি’ গ্রুপে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও পোল্যান্ডের বিপক্ষে খেলবে ফ্রান্স। প্রথমেই সামনে অস্ট্রিয়া। রোববার রাতে গ্রুপের প্রথম ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারায় ডাচরা। প্রথমে গোল খেয়েও পরে দুটি গোল আদায় করে নেয় অরেঞ্জ আর্মিরা। ২১ জুন তারা ফ্রান্সের মুখোমুখি হবে। ওইদিন পোল্যান্ড খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। ২৫ জুন নিজেদের শেষ গ্রুপ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে খেলবে ফ্রান্স।

 

ইউরোয় ১১ বার অংশ নিয়ে দুবার শিরোপা জিতেছে ফরাসিরা। প্রথমে মিশেল প্লাতিনির হাত ধরে ১৯৮৪ সালে ও দ্বিতীয় ২০০০ সালে জিনেদিন জিদানদের সোনালী প্রজন্মের হাত ধরে। এবার বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের হাত ধরে তৃতীয়বারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব পেতে চায় ফরাসিরা।

 

২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্স ২০২২ সালেও ফাইনাল খেলেছে। যদিও ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরে যায় এমবাপ্পের দল। এবার ইউরো জিতে সেই কষ্ট ভুলতে চান এমবাপ্পেরা।

  

১৭তম ইউরোয় প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ২৪টি দল, যারা ৬টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। এখান থেকে ১৬টি দল উঠবে নকআউট পর্বে।