ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ রোববার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশাখাপত্নমে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। এরপর রাত ৮টায় দ্বিতীয় ম্যাচে লড়বে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।

সানরাইজার্স দুই ম্যাচ খেলে একটি জিতেছে, হারও সমান একটি। প্রথম ম্যাচে রাজস্থানকে হারালেও পরের ম্যাচে লখনৌ সুপারজায়ান্টসের কাছে হেরে যায় প্যাট কামিন্সের দল। অন্যদিকে, অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি এক ম্যাচ খেলে শুভসূচনা করেছে। তারা ২১০ রান তাড়া করে হারিয়েছে লখনৌকে। দুটি দলেরই ঝুলিতে রয়েছে সমান ২ পয়েন্ট। আজ দুই পয়েন্ট তুলে নিতে মরিয়া হয়ে খেলবে উভয় দলই।

এদিকে, রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই দুই ম্যাচ খেলে একটি জিতেছে, হেরেছে একটি। তারা মুম্বাই ইন্ডিয়ানসকে ৪ উইকেটে হারানোর পর ৫০ রানে হেরেছে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। রাজস্থান অবশ্য দুই ম্যাচ খেলে জয়হীন। তারা হেরেছে সানরাইজার্স ও কলকাতা নাইট রাইডার্সের কাছে। আজ প্রথম জয়ের খোঁজে গোয়াহাটিতে চেন্নাইয়ের মুখোমুখি রাজস্থান।