চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা। অন্যদিকে, উড়তে থাকা ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। বিপর্যস্ত কাতালান ও উজ্জীবিত লস ব্লাঙ্কোসরা আজ লা লিগায় মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এল ক্ল্যাসিকোর এই দ্বৈরথ।

 

লা লিগায় শিরোপার রেসে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৩১ রাউন্ড শেষে ৭৮ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। এমন পরিস্থিতিতে আজকের ম্যাচটি বার্সার জন্য মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলটির হেড কোচ জাভি হার্নান্দেজ। তিনি বলেন, ‘আমি কেবল ইতিবাচক কিছুই দেখতে পাই। আশাকরি দারুণ একটি ম্যাচ হবে। আমরা জিততে চাই, সেই প্রস্তুতিই নিচ্ছি। লিগ লিডারদের ওপর চাপ তৈরি করতে আমাদের জিততে হবে। জিতলে আমরা পয়েন্ট ব্যবধান কমিয়ে পাঁচে নিয়ে যেতে পারব। সেটাই আমাদের লক্ষ্য। এটা আমাদের জন্য চলতি মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাচ।’

 

প্রতিপক্ষকে সমীহ করে তিনি বলেন, ‘খুবই শক্তিশালী রিয়ালের মুখোমুখি হচ্ছি আমরা, যারা কেবলই বিশ্বের সেরা দল ম্যানসিটিকে বিদায় করেছে।’

 

গত এক দশকে দুই বিখ্যাত নাম এল ক্ল্যাসিকোকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তারা হলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এই দুজন স্পেনে খেলার সময় অসংখ্যবার ব্যালন ডি’অর ট্রফি জিতেছেন। তারা মুখোমুখি হয়েছেন লা লিগা, কোপা ডেল রে, চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ও সুপার কাপের মতো নানা প্রতিযোগিতায়। অবশ্য এখন মেসি ও রোনালদোর কেউই লা লিগায় নেই।

 

এছাড়া জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, নেইমার, সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে, করিম বেনজেমা, সার্জিও রামোস ও লুকা মডরিচের মতো নন্দিত সব খেলোয়াড় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দ্বৈরথকে বিশ্ব ফুটবলের কেন্দ্রে পৌঁছে দিয়েছেন।

 

এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদ ১০৪টি ও বার্সেলোনা ১০০টি জয় পেয়েছে। রিয়ালের ৪৩০ গোলের বিপরীতে বার্সার গোলসংখ্যা ৪১৭। রিয়াল ঘরের মাঠে জিতেছে ৬৫টি, বার্সা নিজেদের মাঠে জিতেছে ৬৩টি।