ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে ইউরোপের দুই হেভিওয়েট দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বায়ার্ন মিউনিখ। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। রাত ২টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ১৫ বারের ইউরোপসেরা রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড।
শুক্রবার রাতে অরল্যান্ডোয় ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌদি আরবের আল হিলালের মধ্যকার ম্যাচ দিয়ে কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হয়ে যায়। আজ সকালে ফিলাডেলফিয়ায় ব্রাজিলের দল পালমেইরাসের প্রতিপক্ষ ইংল্যান্ডের চেলসি।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি শেষ ষোলোয় ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিলের দল ফ্লামেঙ্গোকে। ৯ বারের মুখোমুখি লড়াইয়ে বায়ার্ন মিউনিখ ৭ জয় নিয়ে এগিয়ে রয়েছে, পিএসজির জয় ২টি। যদিও সদ্যই ইউরোপের মুকুট পাওয়া পিএসজি রয়েছে অনবদ্য ফর্মে। মেসিদের ইন্টার মায়ামিকে স্রেফ উড়িয়ে দিয়ে লুই এনরিকের দল প্রমাণ করেছে, তারা যেকোনো দলের জন্যই বিপজ্জনক।










