ঢাকায় ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের পর এবার সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও আয়ারল্যান্ডকে হারানোর মিশন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ বেলা ২টায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ম্যাচ।

বুধবার সিলেটের লাক্কাতুরা চা বাগানে সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস। চা বাগানের সবুজে ব্যতিক্রমী এই ট্রফি উন্মোচন শেষে আজই শুরু হয়ে যাবে মাঠের লড়াই।

women traing

এরপর ৭ ডিসেম্বর দ্বিতীয় ও ৯ ডিসেম্বর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ ও আয়ারল্যান্ড এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশ ৮টি ও আইরিশরা ৩টি জিতেছে। দুই দলের সর্বশেষ লড়াইয়েও জিতেছে বাংলাদেশ। ২০২২ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই ম্যাচে আইরিশদের ৭ রানে হারায় নিগার সুলতানার দল। ওয়ানডেতেও এগিয়ে বাংলাদেশ। ৯ বারের মুখোমুখিতে বাংলাদেশ ৬টি জিতেছে, যার তিনটিই এসেছে এবারের হোম সিরিজে। আয়ারল্যান্ডের জয় মাত্র ১টি, বাকি ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।