সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল টি-টোয়েন্টি) ৩৭ বলে ফিফটি করেন তামিম ইকবাল। শেষ পর্যন্ত ৫৪ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৯১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। তামিমের ব্যাটে ভর করে বরিশাল বিভাগকে ১৮৩ রানের টার্গেট দিয়েও জিততে পারেনি চট্টগ্রাম বিভাগ। শেষ ওভারের নাটকীয়তায় ৫ উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে বরিশাল।
সালমান হোসেন ইমন শেষ ওভারে ২৫ রান তোলার চ্যালেঞ্জে জয়ী হন। পেসার ইরফান হোসেনের করা ওই ওভার থেকে তিনি তুলে নেন ২৭ রান। সালমান ২৮ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন। তিনিই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার

বরিশালকে জিতিয়ে সালমান হোসেনের উল্লাস: ছবি: বিসিবি
একই মাঠে আজ রাজশাহীকে ৭ উইকেটে হারিয়ে রংপুর। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৮৯ রান তোলে রাজশাহী। সাব্বির হোসেন ৫২ বলে ৭৩ রান করেন। ১৫ বলে ৩৮ রান করেন গোলাম কিবরিয়া। পরে ওপেনার তানভীর হায়দার (৪৫ বলে ৭১) ও অধিনায়ক আকবর আলীর (২৯ বলে অপরাজিত ৬৮) দুর্দান্ত ব্যাটিংয়ে এই রানকেও মামুলি বানিয়ে জিতেছে রংপুর। এটাই স্বীকৃত টি-টোয়েন্টিতে আকবরের প্রথম ফিফটি।
আজ সিলেট আউটার স্টেডিয়ামে স্বাগতিক সিলেট বিভাগ ৬ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগকে। ৭ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে খুলনা বিভাগ। অধিনায়ক নুরুল হাসান সোহান সর্বোচ্চ ৪৮ রান করেন। এবাদত হোসেন ও নাবিল সামাদ দুটি করে উইকেট নেন। জবাবে ১৮.৪ ওভারে জয় তুলে নেয় সিলেট। জিশান আলম ৪৮ বলে ৭৩ রান করে জেতান সিলেটকে।
একই মাঠে ঢাকা বিভাগকে ১৯ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৯০ রান তোলে ঢাকা মেট্রো। নাঈম শেখ ৫৪ বলে ৬৯ ও শামসুর রহমান শুভ ২২ বলে ৪৩ রান করেন। জবাবে ঢাকা বিভাগ ৮ উইকেটে ১৭১ রান তুলতে সমর্থ হয়। আরিফুল ইসলাম ৪২, রনি তালুকদার ৩৯ ও আরাফাত সানী ২৯ রান করেন। মেট্রোর আনিসুল ইসলাম ৪ উইকেট নেন।










