অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি এখন ম্যাডিসন কিজ। যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড়টি আজ শনিবার মেয়েদের এককের ফাইনালে টানা দুইবারের চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে ৬-৩, ২-৬, ৭-৫ গেমে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম শিরোপা জিতলেন।

এর আগে একবার ফাইনাল খেললেও কখনো শিরোপা জেতা হয়নি কিজের। ২০১৭ সালের ইউএস ওপেনের ফাইনালে তিনি হেরেছিলেন স্বদেশী স্লোয়ান স্টিফেনসের কাছে। অবশেষে ৩০ বছর বয়সে এসে টেনিসের সর্বোচ্চ মুকুট জয়ের কৃতিত্ব দেখালেন। তার জয়ে রেকর্ড ছোঁয়া হলো না সাবালেঙ্কার। ২৬ বছর পর প্রথম নারী হিসেবে টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপার জয়ের সুযোগ ছিল বেলারুশিয়ান তারকার। যদিও অল্পের জন্য তিনি এই কীর্তি ছুঁতে পারেননি।

keys 2025

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় আজ দুর্দান্ত এক ফোরহ্যান্ড শটে জয়সূচক পয়েন্ট জিতেছেন ১৯তম বাছাই কিজ।

হারের পর কিজকে শুভকামনা জানিয়ে আলিঙ্গন করলেও ক্ষোভে র‍্যাকেট ভেঙেছেন সাবালেঙ্কা। সেই সঙ্গে দ্রুতই কোর্ট ত্যাগ করেন তিনি। আর তৃপ্ত, আনন্দিত কিজের মুখে হাসি যেন লেগেই ছিল।

নিজের ৪৬তম আসরে এসে প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জিতলেন কিজ। তার চেয়ে বেশি আসরে খেলে প্রথম শিরোপা জয়ের নজির আছে দুজনের—ইতালির ফ্লাভিয়া পেনেত্তা (৪৯) ও ফ্রান্সের মারিওন বারতোলি (৪৭)।

২০০৯ সালের পর প্রথম নারী হিসেবে একই গ্র্যান্ডস্লাম আসরে র‍্যাংকিংয়ের এক ও দুই নম্বর খেলোয়াড়কে হারানোর কৃতিত্ব দেখালেন কিজ। অস্ট্রেলিয়ান ওপেনে যা ২০০৫ সালের পর প্রথম। সর্বশেষ এই কীর্তি ছিল সেরেনা উইলিয়ামসের। এছাড়া এবার শিরোপা জয়ের পথে ষষ্ঠ ও দশম র‍্যাংকধারীকেও হারান কিজ।