ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার একই দিনে বরখাস্ত হয়েছেন চেলসি কোচ গ্রাহাম পটার ও লেস্টার সিটির কোচ ব্রেন্ডন রজার্স। সব মিলে, চলতি মৌসুমে এই লিগের মোট ১২ জন কোচ বরখাস্ত হলেন।

 

শনিবার অ্যাস্টন ভিলার কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরে যায় চেলসি। এই ফল মেনে নিতে পারেনি চেলসি ম্যানেজমেন্ট। ফলে ছাঁটাই করা হয় পটারকে। সাত মাসের মাথায় তাকে বিদায় নিতে হলো।

 

গত বছর ৮ সেপ্টেম্বর জার্মান কোচ টমাস টুখেলের স্থলাভিষিক্ত হওয়া পটারের অধীনে ৩১ ম্যাচ খেলে ১১টি হেরেছে ব্লুজরা। এ মুহূর্তে প্রিমিয়ার লিগ টেবিলের ১১তম স্থানে লন্ডন জায়ান্টরা এবং শীর্ষ চার থেকে ১২ পয়েন্ট দূরে। অথচ এই মৌসুমে নতুন খেলোয়াড় কেনার পেছনে তারা ব্যয় করেছে ৫৫ কোটি পাউন্ড!

 

পটারের সঙ্গে ব্রাইটনে কাজ করা ব্রুনো স্যালটর চলতি মৌসুমে ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করবেন। চেলসির মালিক টড বোহেলি বলেছেন, পটারকে বরখাস্ত করে তারা খুবই হতাশ। তিনি জানান, একজন কোচ ও ব্যক্তি হিসেবে পটারের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছেন তাদের।

 

শনিবার ক্রিস্টাল প্যালেসের কাছে ১-২ গোলে হেরেছে লেস্টার সিটি। ফল, পরদিন বরখাস্ত হন ব্রেন্ডন রজার্স। লিগে সর্বশেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে যাওয়ায় লেস্টার নেমে যায় অবনমন অঞ্চলে। ক্লাবটিকে প্রিমিয়ার লিগে টিকিয়ে রাখতেই ম্যানেজমেন্ট এখন ‘‌বিকল্প উপায়’ খুঁজবে বলে জানায়।  

 

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে লেস্টারের হেড কোচ নিয়োগ করা হয় রজার্সকে। তার অধীনে ২০২১ সালে এফএ কাপ জয় করে লেস্টার।

 

গত ২৭ মার্চ টটেনহাম থেকে পারস্পরিক সিদ্ধান্তে বিদায় নেন ইতালিয়ান কোচ আন্তোনিও কন্তে। তিনি ১৬ মাস স্পার্সদের দায়িত্বে ছিলেন। লিগে চার নম্বরে থাকলেও এ মৌসুমে বাকি সব প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে টটেনহাম। এখন সহকারী কোচ ক্রিস্টিয়ান স্টেলিনি মৌসুমের বাকিটা সময় হেড কোচের দায়িত্ব পালন করবেন।

 

২০১৯ সালে মাউরিসিও পচেত্তিনোর বিদায়ের পর এখন চতুর্থ স্থায়ী কোচ খুঁজবে টটেনহাম।

 

কোচ ছাঁটাইয়ের এই মহোৎসবে চাপে রয়েছেন লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লোপও। তার অধীনে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ সবকিছু জিতেছে লিভারপুল। যদিও চলতি মৌসুমে অনুজ্জ্বল অল রেডরা, যা ক্লোপের অধীনে সবচেয়ে খারাপ সময়। তবে জার্মান কোচ মনে করেন, তিনি অতীতে যা করেছেন কোচ হিসেবে টিকে থাকতে, সেটুকুই যথেষ্ট। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‌এটা যদি আমার প্রথম মৌসুম হতো, তবে বিষয়টি খানিকটা ভিন্ন হতো। আমি এটা জানি যে, অতীতের অর্জনের কারণেই আমি এখানে বসে আছি, এই মৌসুমের যা করেছি সেই কারণে নয়।’

 

লিভারপুল কোচ হিসেবে সাড়ে সাত বছর দায়িত্বে আছেন ক্লোপ, যা তাকে লিগের সবচেয়ে দীর্ঘস্থায়ী কোচের সম্মান এনে দিয়েছে। এ সময় তিনি অ্যানফিল্ডে সব ধরণের বড় শিরোপা এনে দিয়েছেন। তবে এই মৌসুমে বিবর্ণ লিভারপুল। সব প্রতিযোগিতা মিলে সর্বশেষ তিন ম্যাচেই হেরেছে তার দল। লিগে বর্তমানে আট নম্বরে লিভারপুল, সর্বশেষ যে পজিশনে তারা ছিল ২০১৫-১৬ মৌসুমে এবং ওই মৌসুমেই ব্রেন্ডন রজার্সের কাছ থেকে দায়িত্ব নেন ক্লোপ।

জার্মান কোচ বলেন, ‘‌আমাদের মালিক খুবই স্পার্ট, তারা পরিস্থিতি সম্পর্কে অবগত। আমি নিজেকে নিয়ে আতঙ্কিত নই। আমার কাজ হলো পারফর্ম করা, আমি এখানে হাতের কবজ কিংবা দেয়ালের মুরাল হতে আসিনি। আমি জানি, গত কয়েক বছরে যা কিছু হয়েছে তার জন্যই আমি এখনো এখানে আছি।’

 

প্রিমিয়ার লিগে মঙ্গলবার মুখোমুখি হবে চেলসি ও লিভারপুল। ক্লোপের দল আগের ম্যাচে সিটির কাছে ৪-১ গোলে হেরেছে। ক্লোপের শিষ্যদের আজ ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।