উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদের
১৫তম শিরোপার সম্ভাবনা জেগেছে। স্যান্টিয়াগো বার্নাব্যুতে গত সপ্তাহে কোয়ার্টার ফাইনালের
প্রথম লেগে চেলসিকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে রয়েছে কার্লো অ্যানচেলত্তির
দল। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগের লড়াই। চেলসি কোনো অঘটন
ঘটাতে না পারলে সহজেই সেমিফাইনালের টিকিট পাওয়ার কথা মাদ্রিদ জায়ান্টদের।
শেষ ষোলোয় লিভারপুল, এরপর কোয়ার্টার ফাইনালে
চেলসি। রিয়ালের কাছে পাত্তাই পাচ্ছে না কোনো ইংলিশ দল। প্রথম লেগে ২-০ গোলে জেতা রিয়ালের
সুযোগ ছিল আরো বড় জয় পাওয়ার।
এবার চেলসির সামনে ‘মিশন ইমপসিবল’। চলতি
মৌসুমে কিছু অর্জনের শেষ সুযোগও এটি। প্রিমিয়ার লিগ টেবিলে তারা রয়েছে ১১তম স্থানে।
ভারপ্রাপ্ত কোচ ফ্রাংক ল্যাম্পার্ড দায়িত্ব নেয়ার পর তিন ম্যাচেই হেরেছে ব্লুজরা। উলভারহ্যাম্পটনের
কাছে লিগে হারের পর রিয়ালের মাঠেও একই ফল। সর্বশেষ ব্রাইটনের কাছেও হেরেছে ব্লুজরা।
তবু আজ নিজেদের মাঠে কোনো অঘটনের আশা নিয়েই নামবে ল্যাম্পার্ডের দল।
এদিকে, সোনালী অতীত খুঁজে চলা এসি মিলান
সেমিফাইনাল থেকে এক পা দূরে। প্রথম লেগে ১-০ গোলের জয় তুলে নেয়া মিলান আজ নাপোলির মাঠে
খেলতে নামছে। ন্যুনতম ড্র করলেই শেষ চারে উঠে যাবে সাতবারের ইউরোপসেরা দলটি। অবিশ্বাস্য
মৌসুম কাটানো নাপোলি কি সহজেই হার মানবে? নেপলসের দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে
আজ জিততে হলে কঠিন পরীক্ষাই দিতে হবে মিলানকে।
সিরি-এ লিগে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা
ভিক্টর ওসিমেনকে প্রথম লেগে পায়নি নাপোলি। তিনি ফিট হয়ে আজ ফিরছেন। একই সময় মিলানকে
চিন্তা ফেলেছে অভিলিয়ার জিরুর ইনজুরি। তার খেলা অনিশ্চিতই।
এসি মিলান তাদের সাতটি ইউরোপিয়ান শিরোপার
সর্বশেষটি জিতেছে ২০০৭ সালে। নাপোলি অবশ্য প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলছে।
তারা ৩৩ বছর পর লিগ শিরোপার আশা জাগিয়েছে। এ মুহূর্তে দ্বিতীয় স্থানধারী লাৎসিওর চেয়ে
১৪ পযেন্টে এগিয়ে। সর্বশেষ ১৯৯০ সালে ম্যারাডোনার হাত ধরে সিরি-এ শিরোপা জিতেছিল নাপোলি।
১৯৮৯ সালে দলটি জিতেছিল উয়েফা কাপ, যা তাদের একমাত্র ইউরোপিয়ান শিরোপা।
নাপোলি-এসি মিলান দ্বৈথের বিজয়ী সেমিফাইনালে
মুখোমুখি হবে ইন্টার মিলান কিংবা বেনফিকার। প্রথম লেগে ২-০ গোলের জয় তুলে নেয়া ইন্টার
বুধবার খেলতে নামছে স্যান সিরোয়।










