দারুণ সময় পার করছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও দলটির পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ক’দিন আগেই বাংলাদেশকে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে বাবর আজমের দল। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টিতে এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে টিম পাকিস্তান।
গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬৩ রানে জয় পায় দলটি। যা তাদের নিয়ে যায় নতুন উচ্চতায়। এই বছর টি-টোয়েন্টিতে তাদের এটি ১৮তম জয়। এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডে পাকিস্তান ছাড়িয়েছে নিজেদেরই। ২০১৮ সালে তাদের ১৭ জয় ছিল আগের রেকর্ড।
এই বছর ১৬টি ম্যাচ জিতেছে উগান্ডাও! তাদের অবস্থান এখন তৃতীয়। তাদের জয়গুলি যদিও ঘানা, সিশেলস, নাইজেরিয়া, লেসোথো, সোয়াজিল্যান্ড, রুয়ান্ডা, তাঞ্জানিয়ার মতো দলের বিপক্ষে।
এই বছর সবচেয়ে বেশি ম্যাচও অবশ্য খেলেছে পাকিস্তান। সেখানে তারা স্পর্শ করেছে বাংলাদেশের রেকর্ড। ২০২১ সালে ২৭টি টি-টোয়েন্টি খেলে রেকর্ড গড়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলে সে রেকর্ড নিজেদের করে নেবেন বাবর আজমরা। এক বছরে বেশি ম্যাচ খেলার রেকর্ডে এই দুই দলের পরে আছে নেদারল্যান্ডস। ২০১৯ সালে ডাচরা খেলেছিল ২৫ ম্যাচ।










