পাকিস্তানে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে থাইল্যান্ডকে ১৭৮ রানের রেকর্ড ব্যবধানে হারিয়ে শুভসূচনা করা বাংলাদেশ আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে। লাহোরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।
আত্মবিশ্বাসী নিগার সুলতানার দল আজ এমন এক দলের মুখোমুখি হবে যাদের বিপক্ষে নিকট অতীতে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের টাটকা স্মৃতি রয়েছে। গত নভেম্বর ও ডিসেম্বরে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আইরিশদের যথাক্রমে ১৫৪ রানে, ৫ উইকেটে ও ৭ উইকেটের ব্যবধানে হারায় নিগারের দল। তার আগের দুই দেখায়ও জিতেছে বাংলাদেশ। সব মিলিয়ে ওয়ানডেতে নয়বারের দেখায় বাংলাদেশ ছয়বার ও আইরিশরা একবার জিতেছে, বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আজ দশমবারের দেখায় কারা হাসবে শেষ হাসি?
বাছাই পর্বে দুই দলের ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে ৩৮ রানে হেরে গেছে আয়ারল্যান্ড। পরদিন বাংলাদেশ ১৭৮ রানের বিশাল ব্যবধানে হারায় থাইল্যান্ডকে। শুক্রবার দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬ রানে হেরেছে আইরিশরা। আজ আইরিশরা যেমন ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে খেলবে, তেমনি বাংলাদেশও টানা দ্বিতীয় জয় তুলে নিতে চাইবে।
নিগারের দল দারুণ আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামছে। বৃহস্পতিবার লাহোরে নিজেদের প্রথম ম্যাচে নিগারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান তোলে লাল-সবুজরা। এ রান তাড়া করতে নেমে ৯৩ রানে অলআউট হয়ে যায় থাইল্যান্ড।
নিগার, ফারজানা হক পিংকি ও শারমিন সুপ্তার ব্যাটিংয়ের পর ঘূর্ণি বলে জাদু দেখান জান্নাতুল ফেরদৌস সুমনা ও ফাহিমা খাতুন। ২৫ বছর বয়সী ডানহাতি অফস্পিনার সুমনা ৭ রানে ও বামহাতি লেগস্পিনার ফাহিমা ২১ রানে ৫টি করে উইকেট নেন। মেয়েদের ওয়ানডে ইতিহাসে এ প্রথম একই ইনিংসে দুই বোলার ৫ উইকেট করে নিলেন।
৭৮ বলে সেঞ্চুরির কীর্তি গড়েছেন নিগার। দিনশেষে তার চেয়েও উজ্জ্বল দুই স্পিনার। তাদের নিয়ে অধিনায়কের স্তুতি ঝরল এভাবে, ‘এক ইনিংসে দুই বোলারই নিলেন ৫ উইকেট, অভাবনীয় অর্জন। তাদের অবদান দলের জন্য উৎসাহব্যঞ্জক। আশা করি, বাকি ম্যাচগুলোতেও তারা এমনটা করে যাবে।’
জয় শেষে একে অপরের সাক্ষাৎকার নিয়েছেন দুজন ফাহিমা ও সুমনা। ফাহিমাকে অভিনন্দন জানিয়ে সুমনা জানতে চাইলেন ৫ উইকেট পাওয়ার অনুভূতি কী? উত্তরে ফাহিমা বলেছেন, ‘অনেক ভালো লাগছে। অনেক বড় একটা বিষয় আমার জন্য। অতীতেও আমার এমন সুযোগ এসেছে, তবে এবার আমি করতে পেরে আমি আনন্দিত। প্রথমে ভেবেছিলাম, আমি ৩ উইকেট নেব। যদিও পরে দেখলাম আরো উইকেট পেতে পারি এবং শেষ পর্যন্ত পরিকল্পনা কাজে লেগেছে।’
এরপর ফাহিমা বলেন, আমি তো ৫ উইকেট পেলাম। অন্য প্রান্ত থেকে তুমিও দারুণ বোলিং করে ৫ উইকেট নিয়েছো, তোমার অনুভূতি কী? উত্তরে সুমনা বলেছেন, ‘এইটা প্রথমবার ৫ উইকেট আমার। এ ম্যাচেই বাংলাদেশের হয়ে প্রথম উইকেট পেয়েছি, তাও ৫ উইকেট। অবশ্যই এটা আমার সারাজীবন মনে থাকবে। মনে রাখার মতো একটা স্মৃতিই বলব।’
ফাহিমা ৪৫তম ওয়ানডেতে এসে প্রথমবার ৫ উইকেট নিলেন। আগে দুবার নিয়েছেন ৩ উইকেট। অন্যদিকে, সুমনা তৃতীয় ওয়ানডে ম্যাচেই ৫ উইকেট নিলেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দেশের হয়ে তার উইকেট সংখ্যা এখন আট।
পিংকি ও সুপ্তা দ্বিতীয় উইকেট জুটিতে ১০৪ রান তোলেন। সুপ্তা ও নিগার তৃতীয় উইকেটে ১৩৮ বলে ১৫২ রান তুলেছেন। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে যেকোনো উইকেটে এটাই প্রথম দেড়শ রানের জুটি। সুপ্তা ৯৪ রান করে অপরাজিত থাকেন। সুপ্তার ব্যক্তিগত ৪৬ রানের সময় ব্যাটিংয়ে নামা নিগার রাজসিক ব্যাটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি মাত্র ৭৮ বলে তিন অংক ছুঁয়েছেন, যা বাংলাদেশের হয়ে দ্রুততম। আগের দ্রুতগতির সেঞ্চুরি ছিল ১৫৬ বলে!
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে নিগারই সর্বোচ্চ ৬৬ রান করলেন। আগের সর্বোচ্চ ৫৬ রানের রেকর্ডটা সুপ্তার। ৫৪ ওয়ানডের ক্যারিয়ারে এটা নিগারের প্রথম সেঞ্চুরি। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে একটি সেঞ্চুরি করলেও ওয়ানডেতে তার সর্বোচ্চ স্কোর ছিল ৭৩। বিশ্বকাপ বাছাই পর্বে পেয়ে গেলেন স্বপ্নের ফিগার। এটা বাংলাদেশের হয়ে ওয়ানডেতে মাত্র তৃতীয় সেঞ্চুরি। প্রথম দুটি সেঞ্চুরি পিংকির। দুটিই ২০২৩ সালে পান তিনি।
ছয় দলের বাছাই পর্ব থেকে শীর্ষ দুটি দল উঠে যাবে আগামী ওয়ানডে বিশ্বকাপে। এছাড়া সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা। এ বছর সেপ্টেম্বরে ভারতে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আসর।










