চেমসফোর্ডে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ১৫ রানেই দুই ওপেনার লিটন কুমার দাস ও তামিম ইকবালকে হারিয়েছে। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ ওভারশেষে ২৮/২। নাজমুল হোসেন শান্ত ১২ ও সাকিব আল হাসান শূন্য রানে ব্যাট করছিলেন।

 

প্রথম ওভারের চতুর্থ বলে জস লিটলের শিকার হয়ে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। তাকে লিগ বিফোরের ফাঁদে ফেলেন গুজরাট টাইটান্সের হয়ে সদ্য আইপিএল খেলে আসা লিটল। উল্লেখ্য, লিটনও আইপিএল ফেরত। যদিও কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র এক ম্যাচ খেলেছেন তিনি।

 

এরপর চতুর্থ ওভারে পেসম্যান মার্ক অ্যাডায়ারের শিকার হন অধিনায়ক তামিম ইকবাল। আউট হওয়ার আগে অবশ্য ভালোই খেলছিলেন তিনি। ১৯ বলে ১৪ রান করেন তামিম।

 

গত মার্চে সিলেটে সফরকারী আয়ারল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে ২-০তে হারায় বাংলাদেশ। পরে তিন ম্যাচের টি২০ সিরিজটা ২-১-এ জেতার পর একমাত্র টেস্টেও প্রতিপক্ষকে হারায় স্বাগতিক বাংলাদেশ। সম্প্রতি তিন ফরম্যাটে আইরিশদের হারানোর পর আরেকবার তাদের মুখোমুখি বাংলাদেশ।

 

আইরিশ-টাইগারদের এই সিরিজে চোখ থাকবে প্রোটিয়াদেরও! কেননা তাদের সরাসরি বিশ্বকাপে খেলার ভাগ্য অনেকটা এখানেই নিহিত। এই সিরিজে আয়ারল্যান্ড ৩-০ গোলে জিতে গেলেই সরাসরি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাবে। তখন দক্ষিণ আফ্রিকাকে খেলতে হবে বাছাইপর্ব। আর যদি বাংলাদেশ একটি ম্যাচও জিতে নেয়, তাহলে প্রোটিয়াদের আর ভাবনা নেই। তখন সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে তারা।

 

এ মুহূর্তে ২১ ম্যাচে ৯৮ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে দক্ষিণ আফ্রিকা, ৬৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আয়ারল্যান্ড। টেবিলের শীর্ষ আটটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। স্বাগতিক দেশ হিসেবে ভারত সরাসরি টিকিট পাচ্ছে। যদিও তারা টেবিলের তিনে রয়েছে। এ কারণে ভারত ছাড়া টেবিলের শীর্ষ সাতটি দল পাবে বিশ্বকাপের টিকিট।