সংযুক্ত আরব আমিরাতে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টানটান উত্তেজনার পর শ্রীলংকার কাছে ৭ রানে হেরেছে বাংলাদেশ। ২২৯ রান তাড়া করতে নেমে ৪৯.৩ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের যুবারা।
এই হারের পর ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাচ্ছে বাংলাদেশ। শেষ চারে আজিজুল হাকিমদের সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান, যারা ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে। ‘এ’ গ্রুপে খেলছে পাকিস্তান, ভারত, জাপান ও আরব আমিরাত। ভারতকে হারানোয় পাকিস্তানের গ্রুপসেরা হওয়া প্রায় নিশ্চিত। তাই বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালই হতে চলেছে।
আজ বিমাত দিনসারার সেঞ্চুরির পরও ২২৮ রানে শেষ হয় লংকানদের ইনিংস। বিমাত করেন ১৩২ বলে ১০৬ রান। বাংলাদেশের আল ফাহাদ ৫০ রানে ৪টি ও রিজান হোসেন ৪০ রানে ৩টি উইকেট নেন। কালাম সিদ্দিকি ১৩৪ বলে ৯৫ রানের দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশকে ভিত গড়ে দিলেও শেষের ব্যাটাররা ব্যর্থ হয় জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি। বিহাস তেবমিকা ৩৭ রানে ৩ উইকেট নেন।










