বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে জমকালো এক কনসার্ট অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই কনসার্টে গাইবেন ভারতের বিখ্যাত গায়ক ও সুরকার এ আর রহমান। গান-বাজনার এই আয়োজন সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর। কনসার্টের স্পন্সর বসুন্ধরা গ্রুপ।
কনসার্ট সামনে রেখে গতকাল রোববার ঢাকায় পা
রেখেছেন এ আর রহমান। আজ রিহার্সাল হওয়ার কথা রয়েছে।
এই অনুষ্ঠান সামনে রেখে তিন ক্যাটাগরিতে টিকিট
বিক্রি করছে বিসিবি। মঞ্চের একবারে কাছাকাছি থেকে কনসার্ট দেখতে লাগবে প্লাটিনাম
ক্যাটাগরির টিকিট, যার দাম ১০ হাজার টাকা। এছাড়া মাঠের আরেক ধাপের
গোল্ড ক্যাটাগরিতে লাগবে ৫ হাজার টাকা, আর ক্লাব হাউজে
ব্রোঞ্জ ক্যাটাগরির দর্শকদের খরচ করতে হবে ১ হাজার টাকা।
টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী
ইনডোর স্টেডিয়ামের বুথে। আজ ও আগামীকাল সকাল ১০টা থেকে মিলছে এই টিকিট।
এ আর রহমানের সঙ্গে কনসার্টে গাইবেন বাংলাদেশের
তারকা মমতাজ ও ব্যান্ড দল মাইলস। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার।
দর্শক প্রবেশের জন্য বিকেল ৩টায় স্টেডিয়ামের গেট
খোলা হবে এবং সাড়ে ৫টায় বন্ধ করা হবে।










