ডারবান টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১০১ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে মাহমুদুল হাসান জয় ও লিটন দাস দৃঢ়তা দেখিয়ে দলকে নিরাপদে নিয়ে যেতে লড়াই করছেন। আজ তৃতীয় দিন এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবিচ্ছিন্ন জুটিতে দু’জনে মিলে তুলেছেন ৮২ রান। ৫ উইকেটে ১৮৩ রান তুলে নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় অতিথিরা। জয় ২৩০ বল মোকাবেলায় ৮০ ও ৯০ বল খেলে ৪১ রানে অপরাজিত লিটন।

 

৯৪ রানে ৪ উইকেট হারিয়ে গতকাল দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। আজ সেখান থেকে ব্যাটিংয়ে নেমে দলীয় স্কোরে ৭ রান জমা না হতেই সাজঘরে ফেরেন নাইটওয়াচম্যান তাসকিন আহমেদ (১)। লিজাড উইলিয়ামসের শিকার হন তিনি। এরপর শুরু হয় জয় ও লিটনের লড়াই। এখন পর্যন্ত ২৭.৫ ওভার খেলে প্রোটিয়াদের হতাশা দীর্ঘ করছেন এ দুজন। সেসঙ্গে বাংলাদেশকেও ধীরে ধীরে রানের চাপ থেকে বের করে নিয়ে আসছেন।

 

উল্লেখ্য, প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩৬৭ রানে অলআউট হয়।