সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে সম্প্রতি ভারতের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই স্মৃতি টাটকা থাকতেই আরেকটি সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেছে বাংলাদেশের কিশোরীরা। নেপালে চলছে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ আসর। এ আসরে গতকাল প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। 

ললিতপুরের এএনএফএ কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে জিতিয়েছেন সুরভী আকন্দ প্রীতি। তিনি করেন জোড়া গোল। ম্যাচের ২৪ মিনিটে প্রথম ও ৩১ মিনিটে দ্বিতীয় গোল করেন সুরভী। স্বাগতিক দলের মেয়েরা লক্ষ্যভেদ করতে পারেনি। 

এবারের সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে চারটি দল। স্বাগতিক নেপাল ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছে ভারত, বাংলাদেশ ও ভুটান। রাউন্ড রবিন লিগ শেষে টেবিলের শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে। ১০ মার্চ প্রতিযোগিতার ফাইনাল। 

গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে অতিথি দল হিসেবে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাশিয়া। পাঁচ দলের আসরে চার ম্যাচ জিতে শিরোপা জয় করে রাশিয়ার মেয়েরা।