আইসিসি টি২০ বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে টস হেরে ব্যাটিং পেল বাংলাদেশ। আবুধাবিতে বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন—ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া সাকিব আল হাসানের জায়গায় খেলবেন শামীম হোসেন, আর পেস বোলার মুস্তাফিজুর রহমানের জায়গায় খেলবেন স্পিনার নাসুম আহমেদ।

সাকিবের মতো শামীম হোসেনও অলরাউন্ডার। যদিও তিনি একজন ব্যাটিং অলরাউন্ডার। এই বামহাতি অফস্পিন বোলিং করেন।

টস শেষে মাহমুদউল্লাহ বলেন, আমরা যে তিনটি ম্যাচ খেলেছি তার মধ্যে দুটিতেই জয়ের কাছাকাছি ছিলাম। এখন আমরা দেশের গৌরবের জন্য খেলব।

এ ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলে কোনো পরিবর্তন নেই।

গ্রুপ-ওয়ান এ তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা, আর সমান ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ। সোমবার রাতে শ্রীলংকাকে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। চার ম্যাচের চারটিই জিতেছে তারা।

সুপার টুয়েলভ রাউন্ডে ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।