বিদায়ী আসরে প্রথম রাউন্ডের বৈতরণী সহজেই পার হলেন আমেরিকান সুপারস্টার সেরেনা উইলিয়ামস। আজ মঙ্গলবার ভোরে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে মন্টেনিগ্রোর ডানকা কোভিনিচকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি।

 

পূর্ব ঘোষণা অনুযায়ী, চলতি ইউএস ওপেন খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন সেরেনা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে সোমবার তাই ২৯ হাজারেরও বেশি দর্শক তাদের প্রিয় তারকার খেলা দেখতে ভিড় করেন। তাদের নিরাশ করেননি এই মহাতারকা। আবেগের কাছে হেরে গিয়ে মোটেও দুর্বল পারফর্ম করেননি আগামী মাসেই ৪১ বছরে পা দিতে চলা সেরেনা। আগামীকাল বুধবার দ্বিতীয় রাউন্ডে এস্তোনিয়ার দ্বিতীয় বাছাই অ্যানেট কন্টাভিটের বিপক্ষে খেলবেন ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড়।



 এককের পাশাপাশি বড় বোন ভেনাস উইলিয়ামসকে নিয়ে দ্বৈতেও প্রতিদ্বন্দ্বিতা করছেন সেরেনা। ফলে খুব দ্রুতই শেষের আসরটি শেষ হয়ে যাচ্ছে না তার।

 

বিদায়ী আসরে তার প্রথম মিশন ছিল ৮০ র্যাংকধারী কোভিনিচকে হারানো। এ কাজটি সফলভাবেই করেছেন তিনি। তিনটি ম্যাচ পয়েন্টের প্রথমটি জিতে নেয়ার সময় গ্যালারি কেপে ওঠে মুহূর্মুহু করতালিতে। কোভিনিচের ব্যাকহ্যান্ড নেটে জড়িয়ে গেলে জয়োত্সব করেন সেরেনা এবং দর্শকদের দিকে শূন্যে চুমু ছুড়ে তিনি ভালোবাসার জবাব দেন। এই জয়ের মধ্য দিয়ে নিশ্চিত হয়, এককে তার ক্যারিয়ার এখনই শেষ হয়ে যায়নি।

 

সেরেনার শেষ টুর্নামেন্টের ম্যাচ দেখতে আর্থার অ্যাশ স্টেডিয়ামের গ্যালারি আলোকিত করেন নানা ভুবনের তারকারা। ভোগ ম্যাগাজিন আনা উইনটুর থেকে শুরু করে সাবেক ইউএস প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সোল সিঙ্গার গ্লেডিস নাইট, বক্সার মাইক টাইসন ও মডেল বেলা হাদিদ থেকে শুরু করে সাবেক টেনিস সুপারস্টার মার্টিনা নাভ্রাতিলোভাসহ ক্রীড়ার তারকারা ধরা পড়েন ক্যামেরার চোখে। তাদের নিরাশ করেন সেরেনা।

 

১৯৯৯ সালে প্রথম ইউএস ওপেন জয়ের সময় সেরেনা চুলে সাদা রঙের মালা পরিছেলেন। তার মেয়ে অলিম্পিয়াও মায়ের সঙ্গে মিল রেখে এদিন সাদা রঙা মালা পরে বাবার কোলে চড়ে গ্যালারিতে আসে। বাবা অ্যালেক্সিস ওহানিয়ানের পাশে আর নানী ওরাসিনের সামনে বসেছিল সে। মায়ের জয় শিশু অলিম্পিয়াকেও আন্দোলিত করে।

 



শত শত সমর্থক সেরেনার ছবি অঙ্কিত টি শার্ট পড়ে খেলা দেখতে আসেন। সব মিলে বিমোহিত সেরেনা। তিনি বলেন, আমি এতটা আশা করিনি। এখানে সব সময়ই নিজের সেরাটা দিতে চেয়েছি। নিজের ঘর মনে হয়েছে, সাবলীল থাকতে পেরেছি। আজ দর্শকরা ছিল অবিশ্বাস্য। তারাই আমার সেরাটা বের করে নিয়ে এসেছে। আমি সত্যিই আন্দোলিত।

 

সেরেনায় আলোকিত রাতে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন গতবারের চ্যাম্পিয়ন রাশিয়ার দানিল মেদভেদেভ। এছাড়া জিতেছেন অস্ট্রেলিয়ার নিক কিরিওস ও কানাডার লেইলাহ ফার্নান্দেজ। তবে অন্যতম ফেভারিট গ্রিসের স্তেফানো সিসিপাস হেরে গেছেন কলম্বিয়ান বাছাই খেলোয়াড় ড্যানিয়েল গালানের কাছে।