চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে
রিয়াল মাদ্রিদের কাছে ২-৫ গোলে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। এই হারের পর কার্যত
এবারের মিশন শেষের পথে তাদের। কিন্তু ফুটবলে অসম্ভব বলে কিছু আছে কি? আর এটা
লিভারপুল বলে একেবারে বাতিল করে দেয়া যাবে না হয়তো। ২০১৯ সালের কথাই ধরা যাক।
সেবার সেমিফাইনালে বার্সার মাঠে ৩-০ গোলে হেরেও অ্যানফিল্ডে পরের লেগে ৪-০ গোলের স্মরণীয়
জয় পেয়েছিল ইয়ুর্গেন ক্লোপের দল। চার বছর আগের সেই মহাকাব্যিক জয় থেকে
নিশ্চিতভাবেই প্রেরণা খুঁজবে অল রেডরা।
যদিও সেবার দ্বিতীয় লেগ হয়েছিল অ্যানফিল্ডে,
আর এবার দ্বিতীয় লেগ রিয়াল মাদ্রিদের ডেরায়। তাছাড়া বার্সার মতো অযথাই পা হড়কানোর অভ্যাস
রিয়ালের কমই দেখা গেছে। সব মিলে, এবার লিভারপুলের রূপকথা লেখা কঠিনই মনে হচ্ছে। আর
যদি লিভারপুল এই বাধা টপকাতে পারে, তবে সেটি হবে ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা
ঘটনা।
অ্যানফিল্ডে ইউরোপিয়ান প্রতিযোগিতায় এই প্রথম
পাঁচ গোল করল কোনো সফরকারী দল। যদিও এদিন স্বপ্নের সূচনা করে অল রেডরা। চতুর্থ
মিনিটে মোহাম্মদ সালাহর পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন উরুগুইয়ান ফরওয়ার্ড
ডারউইন নুনেজ। ১৪ মিনিটে সালাহ ব্যবধান ২-০ করেন। এরপর ভিনিসিয়ুস জুনিয়র শো। গত
বছর প্যারিস ফাইনালে তার একমাত্র গোলে ভর করে শিরোপা জিতে নিয়েছিল রিয়াল। মঙ্গলবার
রাতে অ্যানফিল্ডে ম্যাচের ২১ মিনিটে গোল করে ব্যবধান কমান এই ব্রাজিলিয়ান (২-১)।
ম্যাচের ৩৬ মিনিটে আরেকবার লক্ষ্যভেদ করেন ভিনি (২-২)।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরপরই ব্রাজিলিয়ান খেলোয়াড়
মিলিতাও রিয়ালের হয়ে ব্যবধান ২-৩ করে ফেলেন। লুকা মডরিচের ফ্রি কিকে মাথা ছুঁয়ে
গোল করেন তিনি। এরপর আত্মবিশ্বাসী হয়ে ওঠা রিয়াল আরো দু দুবার গোল উৎসব করে কৃতী
ফরওয়ার্ড করিম বেনজেমার কল্যাণে। ৫৫ ও ৬৭ মিনিটে গোল করেন ব্যালন ডি’অরজয়ী এই
তারকা।
লিভারপুল ঘুরে দাঁড়ানোর আশা করলেও বেনজেমা
বিশেষ বার্তাই দিলেন তাদের। জয় শেষে বেনজেমা বলেছেন, ‘আমরা বৈশিষ্ট্য প্রদর্শন
করে খেলেছি, গোল তৈরি করেছি। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটি আমরা আবারো জিততে চাই।
প্রথম ১৫ মিনিট পরই আমরা সত্যিকারের রিয়াল মাদ্রিদকে দেখেছি। এই পর্যায়ের ফুটবল সত্যিই
কঠিন। তারা আমাদের চেয়ে ভালো সূচনা করেছে বটে, কিন্তু এটা বড় এক ম্যাচ এবং আমরা সবকিছুর
জন্য প্রস্তুত ছিলাম।’
নিউক্যাসল ও ইংল্যান্ড গ্রেট অ্যালান শিয়ারার
ম্যাচ শেষে বিবিসিকে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ ভয় পায় না। আগেও তারা এমন
পরিস্থিতিতে পড়েছে এবং তারা বিশ্বাস করে, ঐতিহ্যই তাদের টেনে নেবে। এটা ছিল
অবিশ্বাস্য, অভাবনীয়। তারা তাদের অভিজ্ঞতা ও সাহস দিয়ে ম্যাচকে নিজেদের দিকে টেনে
নিতে সমর্থ হয়েছে।’
মঙ্গলবার রাতে জার্মান দল এনট্র্যাখট
ফ্রাংকফুর্টের মাঠে ২-০ গোলে জিতেছে ইতালির দল নাপোলি। আজ রাতে ইন্টার মিলানের
মাঠে খেলবে এফসি পোর্তো, আর আরবি লিপজিগ আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটিকে।










