চলতি মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজ সামনে রেখে গতকাল ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টেস্ট দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। গতকাল তাকে অধিনায়ক করেই আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তিন স্পিনার ও চার পেস বোলার জায়গা পেয়েছেন বাংলাদেশ স্কোয়াডে।
১১ নভেম্বর সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, ১৯ নভেম্বর মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপরে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এ সিরিজেই ক্যারিয়ারের শততম টেস্ট খেলবেন কৃতী ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে ৯৮ ম্যাচে ১২ সেঞ্চুরিসহ ৬ হাজার ৩২৮ রান তার ঝুলিতে। তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে শুধু টেস্ট খেলছেন।
জাতীয় ক্রিকেট লিগে সেঞ্চুরি করে টেস্টের প্রস্তুতি সেরেছেন মুশফিক। সিলেটে গতকাল স্বাগতিক দলের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ১১৫ রানের ইনিংস খেলে তিনি ম্যাচটা ড্র করতে সাহায্য করেন।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও হাসান মুরাদ।










