ইংল্যান্ডের চেমসফোর্ডে আজ রোববার আয়ারল্যান্ডের
বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে অধিনায়ক তামিম ইকবালের ফিফটির
পরও ৪৮.৫ ওভারে ২৭৪ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ।
আঙুলের চোটে আজ অলরাউন্ডার সাকিব আল হাসানকে পায়নি না বাংলাদেশ। পেসার শরিফুল ইসলাম ও স্পিনার তাইজুল
ইসলামকেও আজ একাদশে রাখা হয়নি।
ফলে জায়গা পান ব্যাটার রনি তালুকদার, পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ও
মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ১৪১ ও ১৪২তম
ক্রিকেটার হিসেবে রনি ও মৃত্যুঞ্জয়ের ওয়ানডে অভিষেক ঘটে আজ।
এই ম্যাচে টস হেরে ব্যাটিং
পায় বাংলাদেশ। অভিষেকটা অবশ্য রাঙাতে পারেননি টি২০তে ভালো করা রনি। তিনি ওপেন করতে
নেমে ১৪ বল মোকাবেলা করে মাত্র ৪ রান করে বিদায় নেন। দ্বিতীয় উইকেটে তামিম ও
নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত খেলে ৪৪ বলে ৪৯ রান যোগ করে বিচ্ছিন্ন হন। আগের
ম্যাচে অবিশ্বাস্য এক সেঞ্চুরিতে দলকে জেতানো নাজমুল আজ ৭ বাউন্ডারিতে ৩২ বলে ৩৫
রান করে ক্রেগ ইয়াংয়ের শিকার হন।
এরপর লিটন ও তামিমের ৭০ রানের জুটি। দুজনই দলকে বড় সংগ্রহের আশা দেখান। যদিও লিটনের ইনিংস বেশিদূর এগোয়নি। ৩৯ বলে ৩৫ রান করে বিদায় নেন ডানহাতি এই ব্যাটার। আগের ম্যাচে ফিফটি করা তৌহিদ হৃদয়ও আজ মাত্র ১৩ রানে বিদায় নেন। ১৫৯ রানে চার উইকেট পতনের পর মুশফিককে সঙ্গী হিসেবে পান তামিম। এ জুটি অবশ্য ২৭ রান যোগ করে বিচ্ছিন্ন হয়। তামিম ৮২ বলে ৬৯ রান করে জর্জ ডকরেলের বলে ক্রেগ ইয়াংকে ক্যাচ দেন।
এরপর মুশফিক ও মেহেদী হাসান
মিরাজের ব্যাটে ভর করে পৌনে তিনশ পার করে বাংলাদেশ। ৭২ বলে ৭৫ রান তুলেছেন দুজন।
মুশফিক ৫৪ বলে ৪৫ ও মিরাজ ৩৯ বলে ৩৭ রান করেন। অতিরিক্ত খাত থেকেই ২৬ রান পায়
অতিথিরা।
আইরিশদের পক্ষে মার্ক অ্যাডায়ার
৪০ রানে সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়া
অ্যাডায়ার ও অ্যান্ডি ম্যাকব্রাইন নেন ২টি করে উইকেট।










