আজ
থেকে ১০ বছর আগে নিউজিল্যান্ডের কুইন্সটাউনে ওয়ানডের রেকর্ডবুকটা ওলট-পালট করে দিলেন
২৩ বছরের যুবক কোরি অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করে ভেঙে
দিলেন শহীদ আফ্রিদির ১৬ বছরের পুরনো রেকর্ডটা। ঠিক এক বছর পর প্রোটিয়া হার্ডহিটার এবি
ডি ভিলিয়ার্সের (৩১ বলে সেঞ্চুরি) কাছে রেকর্ডটা হারালেও দ্রুততম সেঞ্চুরির তালিকায়
তার নামটা এখনো দুইয়ে জ্বলজ্বল করছে।
অ্যান্ডারসন-ঝড়ের
কবলে পড়ার তেতো অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের খেলোয়াড়দেরও। সাত বছর আগে মাউন্ট মঙ্গানুইয়ে
টি-টোয়েন্টি ম্যাচে ৪১ বলে ৯৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন অ্যান্ডারসন। ইনিংসে ছক্কাই
মারেন ১০টি, যা বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ এবং ৭৫ এর বড় যেকোনো ইনিংসগুলোর মধ্যে
তৃতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট।
আবারো
এই অ্যান্ডারসনের সামনে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এবার কিউই জার্সিতে নয়, যুক্তরাষ্ট্রের
জার্সিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সিরিজ হিসেবে তিন ম্যাচ খেলবে স্বাগতিক
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ সময়
রাত ৯টায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচ বাংলাদেশের বিপক্ষে দেখা যাবে অ্যান্ডারসনকে।
যুক্তরাষ্ট্রের
জার্সিতে অভিষেকের পর এপ্রিলে দুটি টি-টোয়েন্টি খেলেছেন অ্যান্ডারসন। কানাডার সঙ্গে
প্রথম ম্যাচে ২৯ বলে ২৮ ও দ্বিতীয় ম্যাচে ৪৮ বলে ৫৫ রান করেন তিনি। যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই
সেই অ্যান্ডারসনকে চাইবে, যে রূপে তিনি কিউইদের জার্সিতে খেলেছেন। আর যদি অ্যান্ডারসন
স্বরূপে ফেরেন তবে খুব সহজে জেতা হবে না বাংলাদেশের।
৮
জুন সকালে ডালাসে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কানাডার। এই সিরিজটি তাই দুই দলের জন্যই প্রস্তুতির দারুণ
এক মঞ্চ।










