জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে গতির জবাব গতিতেই দিল বাংলাদেশ। রোববার রাতে স্বাগতিক গতি বোলারদের তোপের মুখে ১৬৪ রানে অলআউট হয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল। আজ সফরকারী দলের পেসাররা ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ রানে অলআউট করার কৃতিত্ব দেখান। নাহিদ রানা নেন ৫ উইকেট। তার বীরত্বেই ১৮ রানের লিড পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে বোর্ডে রান ওঠার আগেই মাহমুদুল হাসান জয়কে আউট করেন জেইডেন সিলস। সাহসী ব্যাটিং করতে থাকা শাহাদাত হোসেন দিপু ২৬ বলে ২৮ রান করে আলজারি জোসেফের শিকার হন। এরপর সাদমান ইসলাম ও মিরাজ ঝড়ো গতির জুটিতে স্বাগতিকদের হতাশ করেন। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ২ উইকেটে ১১০ রান তুলে তৃতীয় দিন চা বিরতিতে যায়। সফরকারীদের লিড ছিল ১২৮ রানের। সাদমান ৭২ বলে ৪৪ ও মিরাজ ২২ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন। মাত্র ২৯ বলে ফিফটি রানের পার্টনারশিপ গড়েন দুজন।
এর আগে নাহিদ রানা বারবার আঘাত হানেন ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে। পাঁচটি উইকেট নেন তিনি। এছাড়া হাসান মাহমুদ দুটি ও তাসকিন আহমেদ নেন একটি উইকেট। এছাড়া স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম নেন একটি করে উইকেট।










