হায়দরাবাদে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেলেছেন ভারতের ওপেনার শুভমান গিল। তার রাজসিক ব্যাটিংয়ে ভারত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৯ রান তুলে নেয়। পরে মাইকেল ব্রেসওয়েলের বীরোচিত ইনিংসে (৭৮ বলে ১৪০) জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ১২ রানে হার মানে কিউইরা।

 

পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি পেলেন গিল। এছাড়া একগুচ্ছ রেকর্ড গড়েছেন এই ডানহাতি ব্যাটার। তিনিই সর্বকনিষ্ট  ডাবল সেঞ্চুরিয়ান। গতকাল তার বয়স ছিল ২৩ বছর ১৩২ দিন। গত তিনি ইশান কিশানের রেকর্ড ভাঙেন, যিনি গত মাসে বাংলাদেশের বিপক্ষে ২৪ বছর বছর ১৪৫ দিন বয়সে ডাবল করেন। ১৯ ইনিংসে এক হাজার রান করেন গিল, যা ওয়ানডেতে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম। ১৮ ইনিংসে এক হাজার রান করে রেকর্ডটা পাকিস্তানের ফখর জামানের।

  

গত সপ্তাহে শ্রীলংকার বিপক্ষে ৮৯ বলে সেঞ্চুরি করা গিল গতকাল তিন অঙ্ক ছুঁয়েছেন ৮৭ বলে। টস জিতে ব্যাটিং নেয়া ভারত দলীয় ৬০ রানে ওপেনার রোহিত শর্মাকে (৩৪) হারায়। কলকাতায় শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলি (৮*) দলকে হতাশ করেন। ইশান কিশানও ৫ রানে আউট হয়ে যান।

 

একপ্রান্ত দিয়ে নিয়মিত উইকেট পতন হতে থাকলেও অন্যপ্রান্তে হিমালয়সম প্রত্যয় নিয়ে খেলতে থাকেন গিল। তিনি ৫২ বলে হাফসেঞ্চুরি, ৮৭ বলে সেঞ্চুরি, ১২২ বলে ১৫০ ও ১৪৫ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। গিল ১৯টি চার ও ৯টি ছক্কায় ইনিংসটি সাজান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন রোহিত। এছাড়া সূর্যকুমার যাদব ৩১ ও হার্দিক পান্ডিয়া ২৮ রান করেন।

 

এর আগে ভারতের রোহিত শর্মা (২৬৪, ২০৯, ২০৮*), শচীন টেন্ডুলকার (২০০*), বিরেন্দর শেবাগ (২১৯), ইশান কিশান (২১০), নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২৩৭*), ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২১৫) ও পাকিস্তানের ফখর জামান (২১০*) ডাবল সেঞ্চুরি করেন।