মাহফিজুল ইসলামের সেঞ্চুরির পর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে কুয়েতকে ২২২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
এ নিয়ে টুর্নামেন্টে টানা দুই ম্যাচে জয় পেল রাকিবুল হাসানের দল। টস হেরে প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের বড় পুঁজিতে ১১২ রানের দারুণ এক ইনিংস খেলেন ওপেনার মাহফিজুল।
রিপন মণ্ডল ও মেহরব হাসানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫.৩ ওভারে ৬৯ রানে গুটিয়ে যায় কুয়েত অনূর্ধ্ব-১৯ দল।
২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো জবাবই দিতে পারেনি কুয়েতের ব্যাটাররা। সর্বোচ্চ ৭৭ বলে ৪৩ রান করেন কুয়েতের অধিনায়ক মীত ভাবসার।
এছাড়া মির্জা আহমেদ করেন ২৭ বলে ১১ রান। আর কোনো ব্যাটরকে দুই সংখ্যার ঘরেও যেতে দেননি বাংলাদেশের বোলাররা। বোলারদের মধ্যে পেসার রিপন তিনটি, স্পিনার মেহরব ও রাকিবুল দুটি করে উইকেট নেন।
এর আগে বাংলাদেশের ইনিংসে বড় ভূমিকা রাখেন মাহফিজুল। ১১৯ বলে ১১২ রান করেন তিনি। হাঁকান ১২টি চার ও চারটি ছক্কা। ২৪ বলে ৪২ রান করেন এস এম মেহরব হোসেন। এছাড়া আরিফুল ইসলাম ২৩, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম ২৫ ও আইচ মোল্লা ২০ রান করেন। চার বল বাকি থাকতে সবকটি উইকেট হারালেও লড়াইয়ের জন্য ২৯১ রান ঠিকই হয়ে যায়। কুয়েতের হয়ে আব্দুল সাদিক তিনটি, মুহাম্মদ উমর ও হ্যানরি থমাস দুটি করে উইকেট নেন।










