শেষবারের মতো ফুটবলের কিংবদন্তি পেলেকে বিদায়
জানাল ব্রাজিল। ভিলা বেলমিরো স্টেডিয়ামে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্ট
লুইজ ইনসিও লুলা ডা সিলভা। খবর এপি।
পেলের ইচ্ছা অনুযায়ী সমাহিত করা হলো সান্তোসেই।
এ সেই শহর, যার মাটিতে কীর্তির মহাস্তম্ভ নির্মাণ গড়েছিলেন তিনি। ছুটেছেন স্থানীয় সান্তোস
ক্লাবের জার্সি গায়ে জড়িয়ে।
ভিলা বেলমিরো স্টেডিয়ামে শেষকৃত্যের জন্য
সমাবেত হয় হাজারো ফুটবল ভক্ত। সেখানে কালো কফিনে বহে আনা হয় মরদেহ। বিদায় জানাতে ব্রাজিল
দলের অফিশিয়াল থিম সং বাজানো হয়। বাজে রোমান ক্যাথোলিক প্রার্থনাসংগীতও। পেলে সাম্বা
গান পছন্দ করতেন। সমবেত জনতা একসঙ্গে সাম্বা গান গেয়ে ওঠে। তৈরি হয় আবেগঘন মুহূর্তের।
শেষ বিদায় জানাতে আসা ৩৫ বছর বয়সী কাইয়ো জালকে
বলেন, ‘ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র পেলে। তিনি ব্রাজিলের কাছে ফুটবলকে
জনপ্রিয় করেছেন। পৃথিবীর কাছে গুরুত্বপূর্ণ করেছেন ব্রাজিলকে।'
এদিন শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন ক্লাব ও
তারকা। লাউডস্পিকারে বাজানো হয় পেলের গাওয়া 'ইউ সৌ পেলে' গানটি।
ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সাংবাদিকদের
জানান, প্রতিটি দেশেরই উচিত পেলের নামে একটা স্টেডিয়ামের নামকরণ করা। যারা জীবনে পেলেকে
খেলতে দেখেনি, তারাও এসেছিলেন শ্রদ্ধা জানাতে। শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে বিদায় জানানো
হলো বিশ শতকের সেরা ফুটবলারকে।’
গত সপ্তাহে ৮২ বছর বয়সে মৃত্যুর কাছে হার
মানেন এই কিংবদন্তি। পেলের মাধ্যমেই ব্রাজিল ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ আসরে
চ্যাম্পিয়ন হয়। দলের হয়ে ৭৭টি গোলের রেকর্ড তার। ২০২১ সাল থেকেই পেলে কোলন ক্যান্সারের
চিকিৎসা নিচ্ছিলেন।










