বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার শেষ পর্ব আজ রোববার শুরু হয়েছে। দিনের প্রথম ম্যাচে পাকিস্তানি পেসার ফাহিম আশরাফের গতিতে বিধ্বস্ত হয়েছে সিলেট স্ট্রাইকার্স। ফাহিম ৭ রানে ৫ উইকেট নিয়ে সিলেটকে ১১৬ রানে অলআউট করে দেন। এই রান তাড়া করতে নেমে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে ফরচুন বরিশাল, সেই সঙ্গে বিদায় নিশ্চিত করেছে সিলেটের।
বাঁচা-মরার ম্যাচে ১৪ রানের মধ্যে জর্জ মানসি ও জাকির হাসানের উইকেট হারায় সিলেট। এরপর ফাহিম আশরাফ একে একে তুলে নেন রনি তালুকদার, কাদিম অ্যালেইন, নাহিদুল ইসলাম, আরিফুল হক ও সুমন খানের উইকেট। এর বাইরে আফগান স্পিনার মোহাম্মদ নবি ২৬ রানে ২টি ও ইংলিশ পেসার জেমস ফুলার ২৩ রানে ২টি উইকেট নেন। আহসান ভাট্টি ২৯ বলে ২৮ ও জাকের আলী ১৯ বলে ২৪ রান করেন।
১১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ২২ রানে তাওহীদ হৃদয় ও ৩৯ রানে ডেভিড মালানকে হারায় বরিশাল। এরপর তামিম ইকবাল ও মুশফিকুর রহিম আর কোনো উইকেটের পতন হতে দেননি। দুজনের ৬০ বলে খেলা ৮১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৬ ওভারেই জয় নিশ্চিত করে ফেলে বরিশাল।
৯ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। আর সিলেট ১০ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিল এবারের আসর থেকে।
আজ সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স। সবার আগে প্লে-অফের টিকিট পেয়েছে রংপুর। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থাকা রাজশাহীর সম্ভাবনা ক্ষীণ। দুটি ম্যাচেই জিততে হবে, এরপর তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকে।










