এশিয়া কাপ পাকিস্তানেই হবে কিনা, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বাহরাইনে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক। বিষয়টি নিয়ে আগামী মাসে আবারো বৈঠকে বসছে এসিসি। তখন আইসিসির বৈঠকও রয়েছে।  

গত অক্টোবর মাসে এসিসির প্রেসিডেন্ট ও ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ বলেন, এশিয়া কাপ নিরপেক্ষ ভেনুতে হবে, কারণ ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে যাবে না। তখনই এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

 

এ নিয়ে কঠোর অবস্থানে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সংস্থাটির প্রধান নাজাম শেঠি শনিবার ইএসপিএনক্রিকইফোকে বলেন, ভারত যদি পাকিস্তানে না খেলে, তবে পাকিস্তান দলও এ বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ না খেলার কথা ভাববে।

 

এশিয়া কাপ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে, যা নিয়ে আগামী মাসে আইসিসি ও এসিসি বৈঠকে আলোচনা হতে পারে। এশিয়া কাপ, ২০২৩ সালের বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (যা পাকিস্তানে হওয়ার কথা) নিয়ে পিসিবির অবস্থান একই। এখানে সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান সরকার।

 

সেই সঙ্গে এসিসির সদস্য দেশগুলোও পাকিস্তানে খেলার ব্যাপার নিজ নিজ সরকারের অনুমতি চাইতে পারে। শেঠি বলেছেন, ‘আমরা যে অবস্থানই নেই না কেন, তা হবে পাকিস্তানের স্বার্থে।’

 

২০০৯ সালে লাহোরে শ্রীলংকার টিম বাসে সন্ত্রাসী হামলার পর ৮/৯ বছর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। যদিও গত তিন বছর ধরে নিয়মিতভাবে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে। ভারত ছাড়া আর সব দেশ পাকিস্তানে সাদা ও লাল বলে সিরিজ খেলেছে। 

 

অবশ্য রাজনৈতিক কারণে ২০১২-১৩ সালের পর কখনো দুই জাতির সিরিজ খেলেনি ভারত ও পাকিস্তান। সর্বশেষ ভারতে সিরিজ খেলেছে পাকিস্তান।