ইনজুরি কাটিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন নেইমার জুনিয়র। পেয়েছেন একটি গোলও। নেইমার ফেরায় সতীর্থরা খেলেছেন উজ্জীবিত ফুটবল। চিলিকে উড়িয়ে দিলো ৪-০ গোলে। মারাকানায় লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে একবার করে জালের দেখা পান নেইমার, ফিলিপে কুতিনহো, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসন। বড় ব্যবধানের হারে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ শেষ হয়ে গেছে চিলির। তবে প্লে অফের আশা এখনো বেঁচে আছে। যদিও সেটির জন্য মেলাতে হবে জটিল সমীকরণ।
ব্রাজিলের গোল উত্সবের দিন কাতর বিশ্বকাপের টিকিট কাটলো ইকুয়েডর ও উরুগুয়ে। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৩-১ গোলে হেরে গেছে ইকুয়েডর। তবে অন্য ম্যাচের ফলের ভিত্তিতে বিশ্বকাপে যাওয়া ঠিকই নিশ্চিত হয়েছে তাদের। পেরুকে ১-০ গোলে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে উরুগুয়ে। ইকুয়েডরের মতো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদেরও ১৭ ম্যাচে পয়েন্ট ২৫।
২০২২ বিশ্বকাপের মূল পর্ব আগেই নিশ্চিত হওয়ায় মারাকানার ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল শুধুই নিয়মরক্ষার। যদিও এতটুকু ছাড় দেয়নি তারা চিলিকে। ব্রাজিলের আক্রমণ ঠেকাতে গিয়ে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি উপহার দেয় অতিথিরা। ৪৪ মিনিটে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে স্বাগতিকদের এগিয়ে নেন নেইমার। বিরতিতে যাওয়ার আগেই স্কোরলাইন ২-০ হয়ে যায় ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের জার্সিতে প্রথমবার গোল পেলে। ৭২ মিনিটে আবারো পেনাল্টি পায় ব্রাজিল। এবার নেইমার স্পট কিক না নিয়ে সুযোগ করে দেন মিডফিল্ডার কুতিনহোকে। অ্যাস্টন ভিলা মিডফিল্ডার সুযোগটা নষ্ট করেননি। বল জালে জড়িয়ে ব্যবধান করেন ৩-০। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রিচার্লিসন স্কোরশিটে নাম তুললে বড় ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ে ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা চিলি ১৯ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। কাতার বিশ্বকাপে সরাসরি খেলতে হলে শীর্ষ চারে থাকতে হবে। পাঁচ নম্বর দল খেলবে প্লে অফ। পয়েন্ট টেবিলের হিসাবে চিলির সরাসরি খেলার সুযোগ নেই। কাগজে-কলমে প্লে অফের আশা বেঁচে থাকলেও মেলাতে হবে জটিল সমীকরণ। এরইমধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর ও উরুগুয়ে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে।










