মালয়েশিয়ায় প্রথম অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ আসরের ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। সেই দলটির বিপক্ষে আজ ফাইনাল খেলতে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। অধিনায়ক সুমাইয়া আক্তার জানালেন, সুপার ফোরে হারলেও ফাইনালে ভারতকে মোকাবেলায় তারা প্রস্তুত আছেন।

গতকাল বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় সুমাইয়া আক্তার বলেন, ‘প্রথম আসরে ফাইনালে উঠে আমরা আনন্দিত। এটা খুবই বড় একটা অর্জন। এখন নতুন একটা চ্যালেঞ্জ ফাইনাল। আমরা চেষ্টা করব যেন আমাদের সর্বোচ্চটা দিতে পারি।’

সুপার ফোরের ম্যাচে ভারতের সঙ্গে ব্যাটিং ভালো হয়নি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮০ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশের মেয়েরা। সেই পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি তারা। ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয়রা। এবার উন্নতি করতে চান সুমাইয়া। ব্যাটিং লাইনআপ নিয়ে তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং লাইনআপে অনেক ভালো খেলোয়াড় আছে। তারা সবসময়ই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। কখনো হয়, কখনো হয় না। ফাইনালে আমরা চেষ্টা করব আমাদের ব্যাটিং আরো উন্নতি করার।’

ভারতের সঙ্গে ম্যাচের চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ক্রিকেট মাঠে আমরা সবাই ক্রিকেটার। আমরা চেষ্টা করছি দেশের জন্য সেরাটা দেয়ার। ভারতের বিপক্ষে খেলাটা একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা আমরা সবাই সহজভাবেই নিচ্ছি। দেখা যাক কী হয়। আমরা আশা করি, ভালো কিছু করব।’

দর্শক সমর্থন নিয়ে ১৯ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশীরা আমাদের অনেক বেশি উৎসাহ দিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব ভালো কিছু উপহার দেয়ার। আমি জোর গলায় বলতে পারি, এই কোচিং স্টাফরা আমাদের দলকে যেভাবে সাহায্য করছে, ইনশা আল্লাহ ভালো কিছু হবে।’

আজ কুয়ালালামপুরে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় শুরু হবে ফাইনাল।

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এটাই প্রথম আসর। পরের আসরটি বসবে ২০২৬ সালে।