টানা দুই ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশের মেয়েরা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে আইরিশ নারীরা ৬ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করতে সমর্থ হয়। জবাবে বাংলাদেশ ৫ উইকেটে ১৯৭ রান তুলে জয় নিশ্চিত করে।

১৯৪ রান তাড়া করতে নেমে দলীয় ১৫ রানের মাথায় ওপেনার মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে ৮৫ রানের দারুণ এক জুটি গড়ে দলকে সংহত অবস্থানে নিয়ে যান অভিজ্ঞ ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। ফারজানা ৮৯ বলে ৬ বাউন্ডারির সাহায্যে ৫০ রান করে সাজঘরে ফিরেছেন। ততক্ষণে দল ঝুলিতে পেয়ে যায় ১০০ রান।

পিংকির বিদায়ের পর খুব বেশি সময় উইকেটে থাকা হয়নি শারমিনের। আগের ম্যাচেই ৯৬ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জেতানো এই ব্যাটার গতকাল ৬৩ বলে ৪৩ রান করেছেন। দলীয় ১০৭ রানের মধ্যে টপ অর্ডারের তিন সেরা ব্যাটারকে হারায় বাংলাদেশ। খানিকটা উৎকন্ঠা তৈরি হলেও দারুণ এক ক্যাপ্টেন্স নকে সব উৎকন্ঠার অবসান ঘটান নিগার সুলতানা। ৩৯ বলে ৪০ রানের ঝলমলে ইনিংস খেলে তিনি দলকে জয়ের কাছাকাছি নিয়ে আউট হয়েছেন। এ পথে তিনি স্বর্ণা আক্তারের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন। স্বর্ণা ২৯ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।

এই জয়ে সোমবারের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি রূপ নিল কেবলই আনুষ্ঠানিকতায়। ওয়ানডে সিরিজ শেষে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে। নিগার সুলতানার দল এরপর ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের মাঠে। এই দুটি সিরিজ ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।