ইংলিশ প্রিমিয়ার লিগে আজ দুই জায়ান্টের লড়াই। ম্যানসিটির মাঠে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। পয়েন্ট টেবিলেও জমজমাট লড়াই চলছে। সিটির পয়েন্ট ১০ ম্যাচে ১৯, লিভারপুল ১৮ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সিটি দ্বিতীয় স্থান ধরে রাখতে ও লিভারপুল দুইয়ে উঠে যেতে আজ জিততে মরিয়া হবে। আর ম্যাচটি ড্র হলেও দুই দলের অবস্থানের পরিবর্তন হবে না।
ম্যানসিটি রয়েছে জয়ের ধারায়। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলে হারিয়ে দেয় পেপ গার্দিওলার দল। তার আগে প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে ৩-১ গোলে ও লিগ কাপে সোয়ানসি সিটিকে একই ব্যবধানে হারায় সিটিজেনরা। তার আগে লিগে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরে বসেছিল গার্দিওলার দল। সব মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটি জয় ও একটি হার ছিল ম্যানচেস্টার জায়ান্টদের। আর লিভারপুল সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে। লিগ কাপে ক্রিস্টাল প্যালেসের কাছে ও প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের কাছে হেরেছে অল রেডরা। যদিও চ্যাম্পিয়ন্স লিগে আর্নে স্লটের দল এনট্র্যাখট ফ্রাংকফুর্ট ও গত সপ্তাহে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটি বড় ব্যবধানে হারিয়েছে ডর্টমুন্ডকে, আর লিভারপুল হারিয়ে দেয় ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে। মুখোমুখি লড়াইয়ের আগে এ দুটি জয় দুই ইংলিশ জায়ান্টকে উজ্জীবিত রাখবে।
সব মিলিয়ে এখন পর্যন্ত ১৮৪ ম্যাচের মোকাবেলায় লিভারপুল ৮৫টি ও ম্যানসিটি ৪৯টি জয় পেয়েছে। গত আসরে শিরোপা জয়ের পথে দুটি ম্যাচেই ম্যানসিটিকে হারানোর কৃতিত্ব দেখায় লিভারপুল। ডিসেম্বরে নিজেদের মাঠে ১-০ গোলে ও ফেব্রুয়ারিতে সিটির মাঠে ২-০ গোলের জয় তুলে নেয় অল রেডরা। অথচ তার আগের ১২ মোকাবেলায় মাত্র দুটিতে হেরেছে লিভারপুলের কাছে। ওই সময় চারটি জয় ও ছয়টি ম্যাচে ড্র করে তারা।
এদিকে ম্যানচেস্টার সিটির ফরওয়ার্ড আর্লিং হালান্ড প্রিমিয়ার লিগে ১০৭ ম্যাচে করেছেন ৯৮ গোল। আজ জোড়া গোল করলে প্রিমিয়ার লিগে দ্রুততম একশ গোলের রেকর্ড গড়বেন তিনি। অ্যালান শিয়েরার ১২৪ ম্যাচে একশ গোল করে রেকর্ডের অধিকারী। তবে আজ না হলেও দ্রুতই শিয়েরারের রেকর্ডটা নিজের করে নিতে পারবেন নরওয়েজিয়ান তারকা।
প্রিমিয়ার লিগে সিটির বিপক্ষে গোল ও অ্যাসিস্ট সবচেয়ে বেশি লিভারপুলের মোহাম্মদ সালাহর। দলটির বিপক্ষে নয় গোল করেছেন, অ্যাসিস্ট ছয়টি। আজ হয়তো সংখ্যাটি আরেকটু বাড়িয়ে নিতে চাইবেন মিসরীয় জাদুকর। প্রিমিয়ার লিগে সব মিলিয়ে গোল ও অ্যাসিস্টে ওয়েন রুনির রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। ম্যানইউর হয়ে রুনি ১৮৩ গোল করেন, অ্যাসিস্ট করেন ৯৩ গোলে। সালাহর গোল ১৮৮, অ্যাসিস্ট ৮৮টি। দ্রুতই হয়তো রুনিকে ছাড়িয়ে যাবেন তিনি।
আজ স্প্যানিশ লা লিগায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় রায়ো ভায়েকানোর মাঠে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ, আর রাত ২টায় সেল্টা ভিগোর মাঠে খেলবে বার্সেলোনা। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ, ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।










