গত রোববার বোর্নমাউথের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে গোঁড়ালির চোটে পড়েছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। এই চোটে তিনি অনেকটা লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন।
বোর্নমাউথের বিপক্ষে গোল করার পরপরই প্রতিপক্ষের মিডফিল্ডার লুইস কুকের আঘাতে আহত হন হালান্ড। এটি চলতি মৌসুমে তার ৩০তম গোল।
সোমবার স্ক্যান করানোর পর সিটি জানিয়েছে, চোটের ধরণ জানতে একজন স্পেশালিস্ট দেখাবেন হালান্ড। সিটি শুধু এটুকু জানাতে পেরেছে, হালান্ড মৌসুম শেষ হওয়ার আগে সুস্থ হয়ে উঠতে পারেন।
আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের টিকিট পেতে লড়ছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে পেপ গার্দিওলার দল। খুব বেশি সময় হাতে নেই। কারণ, আর তাদের ম্যাচ বাকি আছে ৯টি। এই ৯ ম্যাচের মধ্যেই তাদের সেরা চারের মধ্যে জায়গা করে নিতে হবে। নিউক্যাসেল ইউনাইটেড ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সিটিকে চোখ রাঙাচ্ছে। এছাড়া তাদের উপরে রয়েছে চেলসি (২৯ ম্যাচে ৪৯), নটিংহ্যাম ফরেস্ট (২৯ ম্যাচে ৫৪), আর্সেনাল (২৯ ম্যাচে ৫৮) ও লিভারপুল (২৯ ম্যাচে ৭০)।
দ্বিতীয় স্থানধারী আর্সেনালের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে থাকা লিভারপুলের শিরোপা প্রায় নিশ্চিত। সিটি এ মৌসুমে শিরোপা তো নিশ্চিতভাবেই হারাচ্ছে, সেই সঙ্গে শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে খেলাও তাদের অনিশ্চিত। এরই মধ্যে হালান্ডকে হারিয়ে তাদের দুশ্চিন্তা আরো বাড়ল। সিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘নানা পরীক্ষা নিরীক্ষা চলছে। আমাদের প্রত্যাশা হলো, মৌসুমের শেষ দিকে কিছু ম্যাচ খেলতে পারবে এবং সম্ভব গ্রীষ্মকালীন ক্লাব বিশ্বকাপও খেলবে।’
ওয়েম্বলিতে ২৬ এপ্রিল এফএ কাপ সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে ম্যানসিটি।










