সদ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের অন্যতম নায়ক তাসকিন আহমেদ এবার টেস্টেও ভালো করতে প্রত্যয়ী এবং তিনি বিশ্বমানের টেস্ট বোলার হতে চান।

 

আজ ডারবান থেকে বিসিবির পাঠানো ভিডিওতে ২৬ বছর বয়সী তাসকিন বলেন, টেস্ট ক্রিকেট আসলে সব ফরম্যাটের মধ্যে সব থেকে চ্যালেঞ্জিং। টেস্ট ক্রিকেটে ভালো করতে পারলে নিজের কাছেও অনেক ভালো লাগে, কারণ সবচেয়ে কঠিন ফরম্যাট হচ্ছে এটা। সব ফরম্যাটে নিয়মিত খেলা আমার স্বপ্ন। তবে টেস্ট ক্রিকেট অনেক চ্যালেঞ্জিং, আমি চাই বিশ্ব মানের টেস্ট বোলার হতে। সবাই দোয়া করবেন, আমরা সবাই যেন সুস্থ থাকি এবং ভালো করি।

 

বাংলাদেশের ফাস্ট বোলিং ব্রিগেড নিয়ে তিনি বলেন, গত দুই বছর ধরে আমরা সব ফাস্ট বোলারই কষ্ট করছি এবং আমাদের উন্নতি হচ্ছে। আরো উন্নতি করতে হবে। দল হিসেবে আমরা কাজ করছি, আমাদের কোচিং স্টাফরাও আমাদের সেভাবে সাহায্য করছেন। এভাবে যদি এগোতে থাকি এবং আল্লাহ যদি আমাদের সুস্থ রাখে, আশা করি ভালো কিছু করতে পারব।

 

দক্ষিণ আফ্রিকার বৈরি কন্ডিশনের চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, বড় বোলার হতে হলে কোন কন্ডিশনে কীভাবে বোলিং করতে হয়, সেটা আমাকে জানতে হবে। আমি আগের থেকে একটু শিখেছি, তবে আরো অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, আরও স্কিলফুল হতে হবে। আসলে পিচ বা কন্ডিশন কখনই আমাদের কন্ট্রোলে নেই, ওটা নিয়ে অজুহাত দেওয়া ঠিক হবে না। আমার সামর্থ্য থাকতে হবে কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে ভালো কিছু করার। আমি সে পথেই আছি। ভালো কিছু হবে আশা করছি।

 

ওয়ানডে পর এবার দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বপ্ন বাংলাদেশের। এ নিয়ে তাসকিন বললেন, অবশ্যই আমাদের সবার মধ্যে আত্মবিশ্বাস আছে। ম্যাচ জিততে পারি, এই আত্মবিশ্বাসটা অন্তত সবার আছে। সবাই জেতার জন্যই খেলব। ফলাফল যেকোনো কিছু হতে পারে, কিন্তু আমাদের তাড়না ও ইচ্চা হচ্ছে ম্যাচ জেতা। আমরা সেরাটা দিয়ে ম্যাচ জিততেই চাইব।

 

বৃহস্পতিবার ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৭ এপ্রিল পোর্ট এলিজাবেথে দুই দল মুখোমুখি হবে দ্বিতীয় টেস্টে।