আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে লিওনেল মেসি এবং দুর্দান্ত গোল করার জন্য কিলিয়ান এমবাপ্পেকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলের মহাতারকা পেলে। রেকর্ড তিনটি বিশ্বকাপজয়ী খেলোয়াড় পেলে এখন শ্বাসযন্ত্রের সংক্রমণ জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে ৪-২ গোলে হারানোর পর তিনি ইনস্টাগ্রামে তার বার্তা পোস্ট করেন।

পেলে তার পোস্টে লিখেছেন, ‘আজও চিত্তাকর্ষক উপায়ে ফুটবল তার গল্প বলে গেলে। দীর্ঘ প্রতীক্ষা শেষে মেসির হাতে বহুল প্রার্থিত বিশ্বকাপ। তিনি আরো লিখেন, ‘প্রিয় বন্ধু এমবাপ্পে, একটি ফাইনালে চার গোল। আমাদের খেলাটির দুর্দান্ত ভবিষ্যতের জন্য দর্শনীয় এই পারফরম্যান্স দেখা কী দারুণ এক উপহারই না ছিল।’

নিজের কাঙ্খিত ট্রফি জয়ের উৎসবে দুটি গোল করেন মেসি। কাতার ফাইনালে এমবাপ্পে ইতিহাসের দ্বিতীয় হ্যাট্রিক গোলদাতা হয়েছেন। ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালেও গোল করেন কিশোর তারকা যিনি ১৯৫৮ সালে পেলের স্মৃতি মনে করিয়ে দিয়েছিলেন।

পেলে মরক্কোকেও অভিনন্দন জানাতে ভোলেননি। তিনি লিখেছেন, ‘অবিশ্বাস্য একটি বিশ্বকাপের জন্য মরক্কোকে অভিনন্দন না জানিয়ে থাকতে পারি না। আফ্রিকার জ্বলে উঠতে দেখে দারুণ লাগছে।’ 

পেলে আর্জেন্টিনার প্রশংসা করে তার বার্তা শেষ করেন এবং সেই সঙ্গে বিশ্বকাপের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়- ডিয়েগো ম্যারাডোনা প্রসঙ্গে লিখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা! নিশ্চিতভাবে ডিয়েগো এখন হাসছে।’

২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ম্যারাডোনা। ১৯৮৬ সালে বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন তিনি।