কিলিয়ান এমবাপ্পের প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহের কথাটি নতুন নয়। এর আগে দু-দুবার তাকে কেনার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েও শেষ পর্যন্ত সফল হয়নি। তাকে বিশাল আর্থিক সুবিধা দিয়ে রেখে দেয় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে আরেকবার এ সুপারস্টারকে পাওয়ার চেষ্টা করবে স্প্যানিশ জায়ান্টরা। আসন্ন গ্রীষ্মে পিএসজিতে চরম এক অস্থিরতার আভাস মিলেছে। লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করবে না পিএসজি, তিনি সম্ভবত নাম লেখাবেন সৌদি ক্লাব আল হিলালে। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও চলে যেতে পারেন। এ অস্থিরতার সুযোগ নিতে চায় রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেকে কিনতে নতুন প্রস্তাব দিতে তৈরি লস ব্লাঙ্কোসরা। 

শুধু এমবাপ্পেই নয়, বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামকেও দলে ভেড়াতে চায় ১৪ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। 

জুড বেলিংহাম ও এমবাপ্পেকে কিনলে নিশ্চিতভাবেই এ গ্রীষ্মে নতুন রেকর্ডের জন্ম হবে। এমবাপ্পের জন্যই হয়তো নতুন বিশ্বরেকর্ড গড়তে হবে। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোয় বার্সেলোনা থেকে নেইমারকে কিনে বিশ্বরেকর্ড গড়েছিল পিএসজি। 

এমবাপ্পে ও বেলিংহাম দুজনই রিয়ালে যোগ দিলে স্যান্টিয়াগো বার্নাব্যুতে আরেকটি গ্যালাকটিকোসের দেখা মিলবে। গত এক দশক ইউরোপের ফুটবলে কর্তৃত্ব করা ক্লাবটি হয়ে উঠবে আরো শক্তিশালী, অপ্রতিরোধ্য। 

নতুন মৌসুম সামনে রেখে বেলিংহামকে নিয়ে আগ্রহ দেখায় রিয়াল। এরপর উঠেছে পুরনো ইস্যু এমবাপ্পের দলবদল। অবশ্য ১৯ বছর বয়সী বেলিংহামকে চায় ম্যানচেস্টার সিটিও, যাদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে লড়ছে রিয়াল। আগামী বুধবার ইতিহাদে দ্বিতীয় লেগের খেলা। বার্নাব্যুতে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়। বেলিংহামকে নিয়েও দুই ক্লাবের মধ্যে লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও বেলিংহামকে পেতে রিয়াল এগিয়ে রয়েছে। এমনকি তাকে নিয়ে চুক্তিও প্রায় পাকা। 

গত বছর ১৭০ মিলিয়ন পাউন্ডে (২১৪ মিলিয়ন ডলার) এমবাপ্পেকে কেনার পথেই ছিল রিয়াল। শেষ মুহূর্তে তাকে থেকে যেতে রাজি করাতে সমর্থ হয় পিএসজি ম্যানেজমেন্ট। কিন্তু নাটকীয়তা শেষ হয়ে যায়নি। গ্রীষ্মের দলবদলেও ফের আলোচনায় এমবাপ্পে। 

লিগ ওয়ান শিরোপা জয়ের দ্বারপ্রান্তে থাকা পিএসজিতে বড় পরিবর্তন আসছে। মেসির বিদায় প্রায় নিশ্চিত। সমর্থকরা নেইমারের বাসার সামনেও দুয়ো দিয়েছেন, বিদায় নিতে বলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টারকে। 

এদিকে সিজন টিকিট বিক্রির প্রচারণায় এমবাপ্পের ছবি খুব বেশি মাত্রায় ব্যবহারের কারণে নিজ ক্লাবের সমালোচনা করেছেন খেলোয়াড়টি। এটি প্রকাশের পর তিনি বিবৃতি দিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এর এডিটোরিয়াল কাজে তিনি মোটেও সংশ্লিষ্ট ছিলেন না। তার কথায়, ‘‌পোস্ট করা এ ভিডিওর সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। এটা নিশ্চিতভাবেই কিলিয়ান সেন্ট জার্মেই নয়।’

২৪ বছর বয়সী এমবাপ্পে গত বছর পিএসজির সঙ্গে নতুন চুক্তিতে সই করেন। ক্লাবটি তাকে পার্ক দেস প্রিন্সেসে ধরে রাখতে মরিয়া ও তাকে ঘিরে দল তৈরির পরিকল্পনা করছে। ক্লাবটি মূলত তরুণদের নিয়ে ভবিষ্যৎ স্কোয়াড তৈরি করতে চায়, যার নেতা হবেন এমবাপ্পে। এজন্যই টিনএজ ওয়ারেন জাইরে-এমেরি ও এল চাদাইল বিতশিয়াবুকে কিছু ম্যাচে খেলার সুযোগ করে দেয়া হয়েছে। 

কিন্তু একদিন রিয়ালে খেলবেন বলে যে স্বপ্ন দেখতেন এমবাপ্পে, তা কি আবারো জেগে উঠবে? রিয়াল যদি সামান্যতম ইঙ্গিত পায় যে এমবাপ্পে পিএসজি ছাড়তে চান, তবেই তারা খেলোয়াড়টির জন্য সর্বশক্তি নিয়োগ করে মাঠে নামবে। ২০২২ সালে শেষ মুহূর্তে গিয়ে হাইপ্রোফাইল এ দলবদলটা ভেস্তে যায়। মূলত এমবাপ্পেকে ওই সময় বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে দলে রাখে। এ ঘটনার পর উয়েফার কাছে অভিযোগ দায়ের করে লা লিগা। পিএসজির আর্থিক ক্ষতির প্রতি ইঙ্গিত করে এ চুক্তিতে ‘‌কলঙ্কজনক’ আখ্যা দেয় উয়েফা।    

গত নয়টি চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে পাঁচটিই জিতে নেয়া রিয়ালের সাফল্যের অন্যতম কারিগর লুকা মডরিচ, করিম বেনজেমা ও টনি ত্রুসদের সময় শেষের দিকে। এখন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো, এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিয়ে চুয়ামেনির মতো তরুণরা ক্লাবের মশাল বহন করবেন। তাদের সঙ্গে যুক্ত হতে পারেন বেলিংহাম কিংবা এমবাপ্পে। যদি এ ‘‌জোড়া’ শিকারের মিশন সফল হয় তবে রিয়ালের মিডফিল্ড আর ফরওয়ার্ড দুটিই প্রতিপক্ষের জন্য রীতিমতো ভয়ংকর হয়ে উঠবে। 

টেলিগ্রাফ ও গোল ডটকম