গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে গুঁড়িয়ে দেয় লিভারপুল। উড়তে থাকা অল রেডরা আজ নিচু সারির দল বোর্নমাউথের কাছে হেরে বসল। মোহাম্মদ সালাহ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। তাতে এক পয়েন্ট লুফে নেয়ার সুযোগ হারায় ইয়ুর্গেন ক্লোপের দল। এদিকে, লিভারপুলকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে বোর্নমাউথ, আর লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ টিকিট হয়ে পড়ল অনিশ্চিত।

 

লিভারপুলের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ২৮তম মিনিটে বোর্নমাউথকে এগিয়ে দেন ফিলিপ বিলিং। ডাঙ্গো কাত্তারার পাস থেকে বল পেয়ে আট গজ দূর থেকে নেয়া শটে তিনি গোল করেন। এটা চলতি মৌসুমে তার ষষ্ঠ গোল।

 

৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সালাহ। তার শট বারের বাইরে দিয়ে চলে যায়। উল্লেখ্য, গত সপ্তাহে ম্যানইউর বিপক্ষে জোড়া গোল করেছিলেন মিসরীয় ফরওয়ার্ড। তিনিই লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ ১২৯ গোলের মালিক।  

 

ভার্জিল ফন ডাইকের হেডার গোললাইন থেকে ফেরান বোর্নমাউথের গোলকিপার। বদলি খেলোয়াড় দিওগো জোটার দারুণ এক গোলপ্রচেষ্টাও রুখে দেন বোর্নমাউথ গোলকিপার নেতো।  

 

চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালে মাদ্রিদের মাঠে ২-৫ গোলে বিধ্বস্ত হওয়ার পর ম্যানইউর বিপক্ষে বড় জয় মনোবল ফিরিয়ে দেয় অল রেডদের। যদিও আজ বোর্নমাউথের কাছে পরাজয়ে ফের হোঁচট খেল ক্লোপের শিষ্যরা।

 

এই পরাজয়ে টটেনহামকে টপকে টেবিলের চারে ওঠার সুযোগ হারাল লিভারপুল। ২৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে দলটি। শীর্ষ চারটি অবস্থানে যথাক্রমে আর্সেনাল (৬৩), ম্যানসিটি (৫৮), ম্যানইউ (৪৯) ও টটেনহাম।

 

তিন সপ্তাহের আন্তর্জাতিক বিরতির পর আবার বড় কয়েকটি ম্যাচ খেলবে লিভারপুল। ১ এপ্রিল ম্যানসিটির মাঠে ও ৪ এপ্রিল চেলসির মাঠে এবং ৯ এপ্রিল ঘরের মাঠে লিগ লিডার আর্সেনালকে মোকাবেলা করবে অল রেডরা। ক্লোপ আশা করবেন, এর আগেই মানসিক ক্ষত কাটিয়ে উঠবে তার শিষ্যরা।

 

এদিকে, স্প্যানিশ লা লিগায় আজ এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদিদ্র।