টেস্টে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করলেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুণারত্নে। গলে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন ২১২ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। এর আগে চলতি বছরের এপ্রিলে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে টানা দুই টেস্টে সেঞ্চুরি করেন তিনি। বাংলাদেশের বিপক্ষে যেখানে শেষ করেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেখান থেকেই শুরু করলেন করুণারত্নে। তার অনবদ্য সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিন ৩ উইকেটে ২৬৭ রান তুলেছে সিংহলিজরা।
শ্যানন গ্যাব্রিয়েলের করা ৬৯তম ওভারের পঞ্চম বলে স্কয়ার অঞ্চল দিয়ে দুই রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন লংকান দলনায়ক। এটা তার ১৩তম টেস্ট সেঞ্চুরি।
পাথুম নিশাঙ্কাকে নিয়ে উদ্বোধনী জুটিতে ২৯৯ বলে ১৩৯ রান করেন করুণারত্নে। নিশাঙ্কা ৫৬ রান করে শ্যানন গ্যাব্রিয়েলের শিকার হওয়ার পর দ্রুত আরো দুটি উইকেট হারায় লংকানরা। ওসাদা ফার্নান্দো ও অ্যাঞ্জেলো ম্যাথুজ দুজনই আউট হন রোস্টন চেজের বলে, দুজনই করেছেন তিন রান। এরপর চতুর্থ উইকেটে ধনঞ্জয়া ডি সিলভাকে ২২.৫ ওভার খেলে ৯৭ রান যোগ করে প্রথম দিন পার করেন করুণারত্নে। লংকান দলনায়ক ১৩২ ও ধনঞ্জয়া ৫৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
যদিও টানা তিন টেস্টে সেঞ্চুরি করুণারত্নেরই প্রথম নয়। টানা ৬
টেস্টে সেঞ্চুরির কীর্তি আছে স্যার ডন ব্র্যাডম্যানের। এছাড়া টানা ৫ টেস্টে
সেঞ্চুরি করেছেন জ্যাক ক্যালিস, মোহাম্মদ ইউসুফ ও গৌতম গম্ভীরের।
পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ২৪৪ এবং দ্বিতীয়
টেস্টে যথাক্রমে ১১৮ ও ৬৬ রান করেছিলেন করুনারত্নে।
এই
সিরিজে দুটি টেস্ট খেলবে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। ২৯ নভেম্বর গলে শুরু হবে
দ্বিতীয় টেস্ট।










